জুভেন্টাসের পিরলো-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লা সিনোরা আলজা লা ভোস’—ইতালিয়ান পত্রিকা লা গাজেত্তো দেল্লো স্পোর্ত-এর শিরোনামের কাছাকাছি বাংলা অনুবাদটা দাঁড়ায় ‘রমণী তাঁর আগমনধ্বনি জানিয়েছেন।’ কিন্তু ফুটবল মাঠে রমণী? একটু ধন্ধ লাগছে? জুভেন্টাসকে যে আদর করে ‘তুরিনের ওল্ড লেডি’ ডাকে সমর্থকেরা। দুর্দান্ত এক ম্যাচে এসি মিলানকে ৩-২ গোলে হারিয়ে জুভেন্টাস পরশু সরবে জানিয়ে দিল, শিরোপার লড়াইটা এবার জমজমাটই হবে।
ম্যাচের প্রথম মিনিটেই অবশ্য হতভম্ব তুরিনের দর্শকেরা। কিছু বুঝে ওঠার আগেই গোল করে বসেন মিলানের সুলে মুনতারি। হকচকিত ভাবটা কাটিয়ে অবশ্য দ্রুতই খেলায় ফেরে জুভেন্টাস। ১৫ মিনিটেই তারা সমতায় ফেরে বহু যুদ্ধের অভিজ্ঞ সৈনিক আন্দ্রেয়া পিরলোর গোলে। গোলটা তাঁর সেই ‘ট্রেডমার্ক’ ফ্রি-কিক থেকেই।
পিরলো-জাদু চলেছে এর পরও। ৭৫ মিনিটে এর চেয়েও দুর্দান্ত আরেকটি ফ্রি-কিক নেন পিরলো। বিধি বাম, সেটা ফিরে আসে বারে লেগে। তক্কে তক্কে থাকা জর্জো কিয়েল্লিনি বলটা জড়িয়ে দেন জালে। জুভেন্টাস এগিয়ে যায় ৩-১ গোলে। কিয়েলিন্নির গোলের ৬ মিনিট আগেই অবশ্য বদলি স্তেফান জিওভিঙ্কো এগিয়ে দিয়েছিলেন জুভেন্টাসকে। শেষ দিকে মুনতারি আরেকটি গোল করে ব্যবধানটা অবশ্য কমিয়েছেন (৩-২)।
এই জয়ে রোমার আরেকটু কাছাকাছি চলে এসেছে জুভেন্টাস। দুই দলের সমান ১৯ পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানে জুভদের ওপরে আছে নাপোলি। পরশু তারা লিভোর্নোকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। ফ্রেঞ্চ লিগে জমে উঠেছে পিএসজি-মোনাকো লড়াই। এই দুই দলেরও পয়েন্ট ২১, মোনাকো এগিয়ে শুধু গোল ব্যবধানে। শনিবার মোনাকো জিতেছিল ২-১ গোলে। পরদিন পিএসজিও জিতেছে ঠিক একই ব্যবধানে। তবে পিএসজির জয়টা অনেক বেশি স্বস্তির উপলক্ষ হয়ে এসেছে। প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই বলেই নয়, ম্যাচটা তাদের খেলতে হয়েছে ১০ জন নিয়ে। শুরুতে পিছিয়ে পড়ার পর ম্যাক্সওয়েল ও ইব্রাহিমোভিচের গোলে জয় পায় ফ্রান্স চ্যাম্পিয়নরা। এএফপি।