জুভের ঘাড়ে মিলানের নিঃশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগে টানা সাত ম্যাচ জিতে উড়তে থাকা ইন্টার মিলানের জয়রথ থামিয়ে দিল ‘পুঁচকে’ লেচ্চে। ঘরের মাঠে এই মৌসুমে আগের ৯ ম্যাচেই তারা জয়হীন। ২৭ পয়েন্টের মধ্যে হাতে আসে মাত্র ২ পয়েন্ট। অবনমন এলাকার সেই লেচ্চেই ইন্টারকে হারিয়ে দিল ১-০ গোলে। লেচ্চের এই ‘ঐতিহাসিক’ জয়ের নায়ক উরুগুইয়ান মিডফিল্ডার গিলের্মো জিয়াকোমাজ্জি। সিরি ‘আ’তে পরশু এটাই হয়তো সবচেয়ে বড় অঘটন। তবে জেনোয়ার মাঠ থেকে ৩-২ গোলে হেরে ফিরেছে নাপোলিও। ইন্টার-নাপোলির ঠিক উল্টো চিত্র এসি মিলান-লাৎসিও শিবিরে। সান সিরোতে মিলান ৩-০ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। শিয়েভো ভেরোনার মাঠে লাৎসিওর জয়টিও একই ব্যবধানে।আগের দিন উদিনেসের বিপক্ষে জিতে ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু ক্যালিয়ারিকে হারিয়ে ব্যবধানটা ১-এ নামিয়ে জুভেন্টাসকে ঠিকই চাপে রাখল মাসিমিলিয়ানো অ্যালেগ্রির এসি মিলান। ২০ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৪৪, মিলানের ৪৩।ঘরের মাঠে মিলানকে প্রথম এগিয়ে দেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ২৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলটি করেন সুইডিশ তারকা। এই গোল উদিনিসের আন্তোনিও ডি নাতালকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার আসনে বসাল কদিন আগে সিরি ‘আ’র ‘বর্ষসেরা’ এবং ‘বর্ষসেরা বিদেশি’ খেলোয়াড়ের দুটি পুরস্কারই জেতা ইব্রাহিমোভিচকে। লিগে এটা তাঁর ১৫তম গোল। মিলানের অন্য গোল দুটি আন্তোনিও নসেরিনো ও মাসিমো অ্যামব্রোসিনির।লেচ্চের কাছে হেরে ইন্টার চার থেকে নেমে দাঁড়াল পাঁচে। তাদের টপকে চারে উঠে এসেছে লাৎসিও। ২০ ম্যাচে লাৎসিওর পয়েন্ট ৩৬, ইন্টারের ৩৫। জেনোয়ার বিপক্ষে লাৎসিওর জয়ে বড় অবদান মিরোস্লাভ ক্লোসার। জার্মান স্ট্রাইকার একাই করেছেন দুই গোল। এ নিয়ে লিগে তাঁর গোল ১১টি। রয়টার্স, এএফপি।