জুমা-জর্ডানের প্রতিশ্রুতি
দক্ষিণ আফ্রিকা নিরাপদ, বিশ্বকাপকে সামনে রেখে সারা বিশ্বের মানুষ সেখানকার নিরাপত্তা নিয়ে যে সংশয় প্রকাশ করছে সেটা অহেতুক—রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে গিয়ে এ কথাই বলেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জ্যাকব জুমা। দক্ষিণ আফ্রিকানদের যে অপরাধপ্রবণতা আছে সেটা তিনি অস্বীকার করেননি। তবে এর মধ্যেই সেখানকার অপরাধপ্রবণতা কমিয়ে আনতে পেরেছেন বলেই দাবি করেছেন জুমা। খুব আত্মবিশ্বাস নিয়েই তিনি বলেছেন, ‘আমরা যখন বলছি যে আমরা প্রস্তুত, তখন নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তা বলছি। শুরুতে অনেকেই বলেছে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত নয়। কিন্তু গত ৬ বছরে আমরা অনেক কাজ করেছি। এখন আমরা নিজেদের প্রস্তুত দাবি করছি। এখানে যারা আসবে তারা নিরাপদেই আসবে এবং নিরাপদেই দক্ষিণ আফ্রিকা ছাড়তে পারবে।’অপরাধ কমাতে দক্ষিণ আফ্রিকা কী কী করেছে, আয়োজক কমিটির প্রধান নির্বাহী ড্যানি জর্ডান দিয়েছেন সেই বর্ণনা, ‘আয়োজক হিসেবে এখানে আসা সবাইকে নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। আর এটা নিশ্চিত করতে অতিরিক্ত ৪৫ হাজার নতুন পুলিশ নিয়োগ দিয়েছি আমরা। সঙ্গে অতিরিক্ত হিসেবে আছে আরও ৪১ হাজার পুলিশ।’ এএফপি।