জুম্মনের জীবনাশঙ্কা
আবাহনী ক্লাবই যেন তাঁর বাড়ি-ঘর। সেই ক্লাবেই কাল সকালে শিশুদের সঙ্গে খেলছিলেন। ওই সময় হঠাৎ কয়েকবার বমি করেন জাতীয় দলের সাবেক হকি তারকা জুম্মন লুসাই। ক্লাবের লোকজন তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। কিন্তু বিকেলে আবারও বমি করেই অজ্ঞান হয়ে পড়েন বিশ্ব হকি একাদশে খেলা বাংলাদেশের এই খেলোয়াড়। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় ক্লাবের পাশের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে।
তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কাল রাতেই লুসাইয়ের মস্তিষ্কের বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত অবশ্য চিকিৎসকেরা নির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না। তবে তাঁদের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন জুম্মন। এরই মধ্যে সিলেটে তাঁর আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে।
জাতীয় দলে অসাধারণ পারফরম্যান্সের কারণে ১৯৮৫ সালে বিশ্ব হকি একাদশে খেলার সুযোগ পান এই ফুলব্যাক। তাঁকে পেনাল্টি বিশেষজ্ঞও বলা হতো। সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ১৯৮৯ সালে, এশিয়া কাপে। আবাহনীতে ১৯৯৬ সাল পর্যন্ত খেলে মাঠের খেলাকে বিদায় জানান জুম্মন। পরে যুক্ত হন আবাহনীর হকি কোচিং দলে।