জুম্মনের শেষশয্যা মাগুরছড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের সাবেক হকি তারকা জুম্মন লুসাইকে আজ বিকেলে সমাহিত করা হবে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে। মাগুরছড়া পুঞ্জি প্রধান (মন্ত্রী) ও জুম্মনের বন্ধু জিডিসন সুছিয়াং কাল জানান, ‘সুযোগ পেলেই জুম্মন মাগুরছড়া পুঞ্জিতে ছুটে আসত। জায়গাটি তার (জুম্মন) খুব প্রিয় ছিল। প্রিয় জায়গায় কবর দেওয়ার সিদ্ধান্তটি তার পরিবারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে।’
জুম্মনের সহোদর জুবেল লুসাই জানান, ‘দাদার শেষ ইচ্ছা অনুযায়ীই পারিবারিকভাবে মাগুরছড়া পুঞ্জিতে তাঁকে সমাহিত করা হচ্ছে।’ ১৮ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যাকেন্দ্রে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের হকির কিংবদন্তি জুম্মন লুসাই। রাজধানীর ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত তাঁর মরদেহ পরদিন সিলেটে এনে রাখা হয় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। তাঁকে সমাধিস্থ করতে দুই দিনের অপেক্ষা ছিল তাঁর স্ত্রী ও তিন ছেলের জন্য। ভারতের মিজোরাম থেকে স্ত্রী থান পুই লুসাই এবং তিন ছেলে রিচার্ড, কেলভিন ও ডেভিড লুসাই সিলেট এসে পৌঁছেছেন কাল। শেষযাত্রার আগে সিলেটবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ১০টায় সিলেট জেলা স্টেডিয়ামে রাখা হবে জুম্মনের মরদেহ।