জুয়াকে আইনসিদ্ধ করতে বললেন বয়কট
আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর তোলপাড় চলছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে। দুর্নীতি বন্ধ করতে নানারকম সুপারিশ-পরামর্শ নিয়ে হাজির হচ্ছেন ক্রিকেটসংশ্লিষ্টরা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কটের নাম। ভারতে বাজি ধরা বা জুয়ার বৈধতা না থাকাতেই এত সমস্যার উদ্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন বয়কট। সমাধান হিসেবে জুয়াকে আইনসিদ্ধ করে দেওয়ার পরামর্শও দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।আইপিএলের এবারের মৌসুমে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন জুয়াড়িকেও। আইপিএলের গত আসরগুলোতেও এই স্পট ফিক্সিং করা হয়েছিল বা আরও অনেকেই এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে এখন অভিযোগ উঠছে। কিন্তু ধরপাকড় করে বা কঠোর আইনিব্যবস্থা নিয়ে এই সমস্যার সমাধান করা যাবে বলে মনে করছেন না জিওফ্রে বয়কট। তাঁর মতে, জুয়াকে আইনসিদ্ধ করে দেওয়াই হতে পারে একমাত্র পথ। সম্প্রতি একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এটা বন্ধ করার উপায় হতে পারে ক্রিকেটে বাজি ধরা বা জুয়া আইনসিদ্ধ করে দেওয়া। এখন এটা বেআইনি অবস্থায় আছে, যে কারণে সবাই এটা বেশি করে করছে। আমেরিকায় যখন বিয়ার নিষিদ্ধ ছিল, তখন এর প্রচার-প্রসারের সঙ্গে জড়িত ছিল মাফিয়া-ধরনের মানুষেরা। এখানেও একই ব্যাপার ঘটছে। এখন বাজি ধরা, জুয়ার সঙ্গে জড়িত আছে এই ধরনের অপরাধ জগতের মানুষ। অনেক মানুষই এটা করতে চায় কিন্তু এর কোনো আইনি বৈধতা না থাকায় কেউ কিছু করতে পারে না।’ তবে এই পরামর্শ ভারতের সরকারকে দিয়ে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেছেন বয়কট। কোনো পরিবর্তন আনার ক্ষেত্রে ভারতীয় সরকারের অনেক অনীহা আছে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। তিনি বেশ কড়া ভাষাতেই বলেছেন, ‘ক্রিকেটে জুয়াকে আইনি বৈধতা দেওয়ার ব্যাপারে ভারতীয় সরকারকে অনেকেই পরামর্শ দিয়েছে। এটা করলেই দুর্নীতি অনেকাংশে নির্মূল করা সম্ভব। কিন্তু ভারত সরকার এটা পছন্দ করে না। তারা কোনো পরিবর্তন আনতে পছন্দ করে না।’— পিটিআই