জুয়াড়িদের হয়ে খেলছেন আমির, আসিফ!
ক্রিকেটে আরেকটি কলঙ্কিত অধ্যায় যুক্ত হলো। লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে চলতি চতুর্থ ও শেষ টেস্টে পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে জুয়াড়িদের হয়ে খেলার অভিযোগ উঠেছে। পাকিস্তানের নতুন বলের বোলারদের চাহিদামতো নো বল করার প্রস্তাব দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করেছে ব্রিটিশ পুলিশ।ব্রিটেনের সর্বাধিক বিক্রীত সংবাদপত্র নিউজ অব দ্য ওয়ার্ল্ড দাবি করেছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে পাকিস্তানের ক্রিকেটারদের এক লাখ ৫০ হাজার পাউন্ডের প্রস্তাব দেওয়া হয়। জুয়াড়িদের চাহিদা অনুসারে চোখে পড়ার মতো তিনটি নো বল করেছেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ।পত্রিকাটির দাবি, এ ঘটনায় পাকিস্তানের অধিনায়ক সালমান বাট, উইকেটরক্ষক কামরান আকমলসহ আরও তিনজনের সংশ্লিষ্টতা রয়েছে। নিজেদের দাবির সত্যতার প্রমাণ হিসেবে কয়েকটি ছবি প্রকাশ করেছে পত্রিকাটি। একটি ছবিতে দেখা যায়, একজন মধ্যস্থতাকারীর সঙ্গে দাঁড়িয়ে আছেন বাট।গোপনে ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, লন্ডনভিত্তিক জুয়াড়ি মাজহার মজিদ বাজি ধরছেন, ইংল্যান্ডের ইনিংসের প্রথম ওভারেই একটি নো বল করবেন আমির। তৃতীয় ওভারের প্রথম বলেও নো বল করবেন এই বোলার। ক্রিকইনফোর পর্যবেক্ষণে দেখা গেছে, দশম ওভারের শেষ বলে করা আসিফের নো বলটিও আগে থেকে অনুমান করেছিলেন মাজহার।স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখমাত্র বলেন, ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডের তথ্যের ভিত্তিতে ৩৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছি আমরা।' কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে চুক্তিটি হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই লন্ডন হোটেল পরিদর্শন করেছেন তাঁরা। হোটেল থেকে বিপুল পরিমাণ অর্থ ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদেরকেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ স্কাই নিউজ টেলিভিশনকে বলেছেন, ‘পুলিশ কর্মকর্তারা হোটেলে এসে সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও কামরান আকমলের বক্তব্য রেকর্ড করেছেন। তাঁরা আমার সঙ্গেও কথা বলেছেন। আমি তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা করব আমরা।’