জুয়ার নেশা ছিল শিল্পারও!

আইপিএলে স্পট ফিক্সিং ও জুয়া কেলেঙ্কারিতে ফেঁসে যেতে পারেন রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক শিল্পা শেঠি। স্বামী রাজ কুন্দ্রার নিয়মিতই বাজি ধরা সম্পর্কে নাকি জানতেন বলিউডের এই অভিনেত্রী। শুধু তা-ই নয়, শিল্পা নিজেও বাজিতে অংশ নিতে চাইতেন।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী একটি দৈনিক জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানিয়েছেন রাজ কুন্দ্রার ব্যবসায়িক অংশীদার ও জুয়াড়ি উমেশ গুয়েঙ্কা।
গুয়েঙ্কা পুলিশকে জানান, শিল্পা তাঁকে তাঁর (শিল্পা) পক্ষ থেকে বাজি ধরতে বলতেন। গুয়েঙ্কার দাবি, রাজস্থান রয়্যালসের সিদ্ধার্থ ত্রিবেদীর সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাজ কুন্দ্রা। এই ত্রিবেদী এখন আইপিএল স্পট ফিক্সিং ও জুয়া কেলেঙ্কারির অন্যতম সাক্ষী।
স্পট ফিক্সিং অভিযোগ খতিয়ে দেখতে তিন দিন আগে রাজস্থান রয়্যালসের যৌথ মালিক রাজ কুন্দ্রাকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। এরপর তাঁর দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পাসপোর্ট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে কুন্দ্রা নাকি নিজ দলের ওপর বাজি ধরার কথা স্বীকারও করেছেন। যদিও টুইট বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেছেন এই ব্যবসায়ী।
ব্যবসায়িক বন্ধু গুয়েঙ্কার সূত্র ধরেই রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই গুয়েঙ্কাই নাকি দলের কৌশল, একাদশ, পিচসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের সঙ্গে।
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত ১৬ মে রাজস্থান রয়্যালসের তিন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এর পরই খবর বেরোয়, রাজস্থানের মালিক রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করলেও এখন পর্যন্ত শিল্পাকে তলব করেনি পুলিশ। সূত্র: জি নিউজ।