জুরিখেও ব্লেকের হাসি
দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জয়টা যে সামর্থ্যেরই পুরস্কার ছিল, তার প্রমাণ দ্রুতই দিয়ে দিলেন ইয়োহান ব্লেক। বিশ্বসেরার মুকুট পরে গত পরশুই প্রথম ট্র্যাকে নেমেছিলেন ২১ বছর বয়সী জ্যামাইকান স্প্রিন্টার। মুকুটের মর্যাদা রেখেছেন। জুরিখ ডায়মন্ড লিগ মিটে ১০০ মিটার জিতেছেন ক্যারিয়ার-সেরা সময় করে। দেগুতে ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতা ব্লেক জুরিখে দৌড় শেষ করেছেন ৯.৮২ সেকেন্ডে।চোটের কারণে সরে দাঁড়িয়েছিলেন আসাফা পাওয়েল। বোল্ট কাটা পড়েন ফলস স্টার্টের ফাঁদে। দুই স্বদেশির দুর্ভাগ্যের সুযোগে বলে দেগুতে ব্লেকের সাফল্যে একটা ফিসফিসানি ছিল! কিন্তু জুরিখ মিট থেকে ব্লেক নিন্দুকদের কাছেও বার্তা পাঠালেন, ‘কারও দুর্ভাগ্যের সুযোগে নয়, সত্যিকার চ্যাম্পিয়ন হতেই আমি আসছি।’জুরিখেও ছিলেন না অলিম্পিক ও বিশ্ব রেকর্ডধারী বোল্ট। তবে পাওয়েল ছিলেন। কিন্তু উজ্জীবিত ব্লেকের সঙ্গে পেরে ওঠেননি। চোট কাটিয়ে ট্র্যাকে ফিরেই পাওয়েল হয়েছেন দ্বিতীয়, সময় করেছেন ৯.৯৫ সেকেন্ড। দেগুতে রুপাজয়ী যুক্তরাষ্ট্রের ওয়াল্টার ডিক্স ১০.০৪ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।জুরিখেও ব্লেকের সাফল্যে বড় অনুপ্রেরণা ছিলেন উসাইন বোল্ট! উচ্ছ্বসিত ব্লেকই বলেছেন, ‘ব্যক্তিগত সেরা সময় করে জেতায় আমি মোটেও বিস্মিত নই, যদিও দেগু থেকে আমি মাত্রই ফিরেছি। উসাইন আমাকে বলেছিল, আজ রাতে আমিই জিতব। কিন্তু আমি শুধু নিশ্চিত করতে চেয়েছি, ১০ সেকেন্ডের কমে দৌড়াতে হবে।’বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মাত্রই দুই সপ্তাহের মাথায় তার চেয়েও দশমিক ১০ সেকেন্ড সময় কমিয়ে জেতা, ব্লেকের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত। বোল্টের অনুশীলনসঙ্গী নিজেও উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখছেন, ‘দারুণ ভবিষ্য ৎ ই দেখছি আমি। আমি এখন তাকিয়ে আছি আগামী বছরের অলিম্পিকের দিকে।’ব্লেকের মতো কিরানি জেমসও পুরুষদের ৪০০ মিটারে ব্যক্তিগত সেরা সময় করে জিতে মর্যাদা রেখেছেন দেগুর সাফল্যের। দেগুতে সোনা জেতা এই গ্রেনাডিয়ান সময় করেছেন ৪৪.৩৬ সেকেন্ড। তবে ব্লেক, জেমসের চেয়েও বুঝি বেশি খুশি ডেরন রোবলেস। দেগুতে সবার আগে দৌড় শেষ করেও কিউবান হার্ডলার ডিসকোয়ালিফায়েড হন চীনা প্রতিদ্বন্দ্বী লিউ শিয়াংয়ের গায়ে তাঁর হাত লেগেছিল বলে। সেই হতাশা কিছুটা ভুলেছেন জুরিখে জিতে। তাঁর টাইমিং ১৩.০১ সেকেন্ড। দেগুতে তাঁর ডিসকোয়ালিফায়েড হওয়ার সুযোগে সোনা জেতা জেসন রিচার্ডসন হয়েছেন দ্বিতীয়। এএফপি।