জুলকারনাইন চলে গেলেও পাকিস্তানের মনোবল ভালো: কোচ
সমস্যা পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটকে। স্পট ফিক্সিং বিতর্ক, তিন ক্রিকেটারের ওপর আইসিসির নিষেধাজ্ঞা আর সর্বশেষ জুয়াড়িদের হুমকির ভয়ে দুবাই থেকে যুক্তরাজ্যে পালিয়ে উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারের অবসরের ঘোষণা। তবে জুলকারনাইন চলে গেলেও পাকিস্তানের মনোবল ভালো বলে দাবি করেছেন কোচ ওয়াকার ইউনুস।কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ উপলক্ষে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াকার ইউনুস বলেন, ‘জুলকারনাইন চলে গেলেও পাকিস্তানের মনোবল ভালো। যা ঘটেছে, তা প্রত্যাশিত ছিল না। কিন্তু আমরা পেশাদারি। টেস্ট সিরিজে ভালো করাটাই আমাদের লক্ষ্য।’উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারের চলে যাওয়া প্রশ্নে টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, ‘আমি মনে করি এটা শুধুই অতীত। আমাদের নতুন উইকেটরক্ষক আছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। আশা করছি, টেস্ট সিরিজটাও তাঁর জন্য দারুণ হবে।’—রয়টার্স