জুলকারনাইন তাহলে ঠিকই বলেছিলেন
মৃত্যুর হুমকি পাওয়ার কথাটা তাহলে বানিয়ে বলেননি জুলকারনাইন হায়দার! পাকিস্তান পুলিশের হাতে আটক বাজিকরেরা স্বীকার করেছে, জাতীয় দলের সাবেক উইকেটরক্ষককে তারা মৃত্যুর হুমকি দিয়েছিল।নাসির কুরেশি নামের এক পুলিশ কর্মকর্তা শিয়ালকোট থেকে এএফপিকে বলেছেন, ‘আমরা আট বাজিকরকে গ্রেপ্তার করেছি। তাদের কয়েকজন হায়দারকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে।’গত নভেম্বরে দুবাইয়ে ক্রিকেট দল ছেড়ে গোপনে লন্ডন উড়ে গিয়েছিলেন জুলকারনাইন। কারণ হিসেবে বলেছিলেন জীবননাশের হুমকির কথা। ম্যাচ পাতাতে রাজি না হওয়ায় ক্রিকেট-বাজিকরদের রোষানলে পড়েছিলেন জুলকারনাইন। পাকিস্তান সরকারের কাছ থেকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস পেয়ে সম্প্রতি দেশে ফেরা জুলকারনাইন ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ও প্রার্থনা করেছিলেন।কয়েকজন বাজিকরকে গ্রেপ্তারের কথা বললেও তাদের নামধাম প্রকাশ করেনি পাকিস্তান পুলিশ। ‘টেলিফোন নম্বরসহ তাদের আন্তর্জাতিক যোগাযোগের তথ্য-প্রমাণাদি জব্দ করেছি আমরা। এখনো তদন্ত চলছে।’ বলেছেন কুরেশি। ২৪ ঘণ্টার মধ্যে বাজিকরদের সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। এএফপি।