জুলকারনাইনের হুমকিদাতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর নভেম্বরে বাজিকরদের হুমকির মুখে হঠাত্ করেই দুবাই থেকে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন জুলকারনাইন হায়দার। বেশ কিছু দিন প্রবাসজীবন কাটানোর পর আবার দেশে ফিরেছেন এই পাকিস্তানি উইকেটরক্ষক। তবে দেশে ফেরার আগে প্রাণনাশের হুমকি দিয়ে আবারও রহস্যময় ফোন আসে তাঁর কাছে। তাই দেশে ফেরার পরও কিছুটা শঙ্কার মধ্যেই কাটাচ্ছিলেন তিনি। তবে এখন হয়তো আর দুশ্চিন্তায় থাকতে হবে না জুলকারনাইনকে। তাঁর হুমকিদাতা আটজন বাজিকরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান পুলিশ।গতকাল শিয়ালকোটের সিমব্রিয়াল এলাকা থেকে এই আটজন বাজিকরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গুলি, বেশ কয়েকটি টেলিফোন সেট ও অন্যান্য অনেক সন্দেহজনক জিনিস উদ্ধার করেছে পুুলিশ। শিয়ালকোটের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নাসির কুরেশি ডন অনলাইনকে জানিয়েছেন, সন্দেহভাজন বাজিকররা একটা বাড়ির গোপন জায়গায় বসে তাদের কর্মকাণ্ড পরিচালনা করত। পুলিশ সেখান থেকে বিভিন্ন ক্রিকেট ম্যাচের বাজির রেকর্ড, মুঠোফান, ২৫০টি টেলিফোন সেট ও স্যাটেলাইট সম্প্রচারের যন্ত্রপাতি উদ্ধার করেছে। ডন অনলাইন।