জুলাইতে ‘এ’ দলের ভারত সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাইয়ের শেষ দিকে একটি চার দিনের ম্যাচের টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ‘এ’ দল কর্ণাটক সফর করবে। কাল বিসিবির ভারপ্রাপ্ত ক্রিকেট পরিচালন ব্যবস্থাপক সাব্বির খান জানিয়েছেন, আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু ও মহীশুরে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। ফাইনাল খেলবে দুই গ্রুপ চ্যাম্পিয়ন। ফাইনালে উঠলে চারটি, না উঠলে অন্তত তিনটি চার দিনের ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ ‘এ’। টুর্নামেন্টের আয়োজক কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে টুর্নামেন্টের বাকি দলগুলোর নাম এখনো জানা যায়নি।এই সফরের জন্য জুনের মাঝামাঝি শুরু হবে ‘এ’ দলের প্রস্তুতি ক্যাম্প। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প থেকে যাঁরা জিম্বাবুয়ে সফরের দলে থাকবেন না, তাঁরা তো বটেই, ‘এ’ দলের ক্যাম্পে ডাক পাবেন এর বাইরের খেলোয়াড়েরাও।আগামী মাসের প্রথম সপ্তাহে জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করা হবে। কন্ডিশনিং ক্যাম্পে ২৭ জনকে ডাকা হলেও চূড়ান্ত দল নির্বাচনের টেবিলে জনা বিশেক ক্রিকেটারকে নিয়েই আলোচনা হবে। সেই ২০ ক্রিকেটারও অনেকটা চূড়ান্ত হয়ে গেছেন বলে খবর বিসিবি সূত্রের।