জুলাইয়েই ফিরছেন গে

টাইসন গে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন গত বছর। কিন্তু নিষিদ্ধ ওষুধ গ্রহণের দায়ে তাঁর এক বছরের নিষেধাজ্ঞার আদেশটি এসেছে গতকাল। যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং এজেন্সি যে সময়ে এই ঘোষণাটি দিয়েছে, তত দিনে প্রায় শেষই হয়ে এসেছে গের ঘোষিত শাস্তির মেয়াদ। এত দিন ট্র্যাকের বাইরে থাকার পর আগামী জুলাইয়ে আবার ট্র্যাকে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সর্বকালের দ্বিতীয় দ্রুততম মানব।
২০১৩ সালের জুলাইয়ে ডোপ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন গে ও আসফা পাওয়েল। অংশ নিতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নশিপে। লন্ডন অলিম্পিকে জেতা পদকও ফিরিয়ে দিতে হয়েছিল গেকে। ২০১২ সালের ১৫ জুলাইয়ের পর অংশ নেওয়া সব প্রতিযোগিতা থেকেই মুছে ফেলা হয়েছিল গের নাম। কিন্তু সে সময় নিজের দোষ দ্রুতই স্বীকার করে নিয়েছিলেন এই আমেরিকান অ্যাথলেট। বলেছিলেন, ‘আমি ভুল করেছিলাম। আমি আসলে একজনের ওপর ভরসা করেছিলাম। সে-ই আমাকে ডুবিয়েছে।’ কোনো রকম মিথ্যার আশ্রয় না নিয়ে নিজের ভুল স্বীকার করার জন্যই গের শাস্তির মেয়াদ কমিয়ে দিয়েছে অ্যান্টি ডোপিং এজেন্সি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ট্রাভিস টাইগার্ট বলেছেন, ‘সত্ থেকে আমাদেরকে সহায়তা করার জন্য আমরা গেকে ধন্যবাদ জানাই। ডোপ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ায় তাকে অনেক ভুগতে হয়েছে। ২০১২ সালের অলিম্পিক পদকও হারাতে হয়েছে। কিন্তু আমাদেরকে সহযোগিতা করার মাধ্যমে সে অ্যাথলেটিকস অঙ্গনকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছে।’
গের সঙ্গেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন জ্যামাইকান অ্যাথলেট আসাফা পাওয়েল। তাঁকে দেড় বছরের জন্য নিষিদ্ধ করেছে জ্যামাইকা। তবে সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করছেন পাওয়েল। রয়টার্স