জুলিয়াস সিজার ও কিং জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুলিও সিজার, জেমস রদ্রিগেজ
হুলিও সিজার, জেমস রদ্রিগেজ

একজনের কাজ গোল আটকানো, আরেকজনের গোল করা এবং করানো। পরশু দুজনই মিলে গিয়েছিলেন এক বিন্দুতে। টাইব্রেকারের পর হুলিও সিজারকে আলিঙ্গনে বেঁধেছেন সতীর্থরা, আর জেমস রদ্রিগেজের জাদুতে তখন মোহাবিষ্ট পুরো ফুটবল-বিশ্ব। ব্রাজিল-কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন তাঁরাই।
দুটি পেনাল্টি রুখেছেন বলেই সিজারের এমন নায়কোচিত বন্দনা চলছে। পিনিলা ও সানচেজের শট দুটি ঠেকিয়ে ব্রাজিলকে পার করিয়েছেন টাইব্রেকার-বৈতরণি। তবে সিজার কিন্তু এর আগেও ত্রাণকর্তা হয়ে দেখা দেন বার দুয়েক। চিলির আরানগুইজের শটটা যেভাবে ফিরিয়েছেন, তা মনে করিয়ে দিয়েছিল সেই ইন্টার মিলানের সিজারকে। টাইব্রেকারে কাজে লাগালেন ম্যাচ থেকে পাওয়া সেই আত্মবিশ্বাস।
নেইমার-অস্কারদের ছাপিয়ে সিজারের ম্যাচসেরা হওয়া যতটা বিস্ময়ের, জেমস রদ্রিগেজেরটা ততটা নয়। টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলছেন কলম্বিয়া প্লে-মেকার। এর আগে ৩ গোল করেছিলেন, দুটি করিয়েছিলেন। তবে পরশু যা করলেন, সেটা জানিয়ে দিল বিশ্ব ফুটবল ভবিষ্যৎ মহাতারকাকে পেয়ে গেছে। বাঁ পায়ের অবিশ্বাস্য এক ভলিতে জোড়া গোলের প্রথমটি এই বিশ্বকাপেরই অন্যতম সেরা। ৫ গোল করে এখন গোল্ডেন বুটেরই সবচেয়ে বড় দাবিদার ‘কিং জেমস’। যাঁর নাম কিনা বিশ্বকাপের আগে তেমন উচ্চারিতই হয়নি!