জুলিয়েন ফাউন্টেন আসছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তির আনুষ্ঠানিকতা সারা হবে জুলিয়েন ফাউন্টেন ঢাকায় এলে। তবে ইংল্যান্ডের এই সাবেক বেসবল খেলোয়াড়কে এখন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ বলতেই পারেন। প্রায় দুই দশক ধরে ক্রিকেট কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকা ৪০ বছর বয়সী ফাউন্টেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব নিতে ঢাকা আসছেন আগামীকাল সকালে। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি হবে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত।এর আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করা জুলিয়েন ফাউন্টেন বাংলাদেশের দায়িত্ব পেয়ে খুবই রোমাঞ্চিত, ‘বাংলাদেশের ২০১১ বিশ্বকাপ অভিযানে যোগ দেওয়ার অপেক্ষায় আছি আমি। বাংলাদেশ তরুণ দল হলেও প্রমাণ করেছে, নিজেদের দিনে তারা বিশ্বের সেরা দলকে হারাতে সক্ষম। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, বিশ্বকাপের অন্যতম স্বাগতিক বাংলাদেশ শিরোপার জোরালো দাবিদার। কে জানে, ঠিকমতো প্রস্তুতি নিতে পারলে ওরা কী অর্জন করতে পারে।’সম্প্রতি আইসিসির হাই পারফরম্যান্স প্রোগ্রামের হয়ে ফাউন্টেন কাজ করেছেন শীর্ষ ছয়টি সহযোগী সদস্য দলের সঙ্গে। বর্তমানে বেসবল খেলোয়াড়দের ক্রিকেট কোচিংয়ে আসার যে ধারা, সেটা তাঁকে দিয়েই শুরু। ফিল্ডিং কোচ হিসেবে ১৯৯৮ সালে প্রথম কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে। পরের বছর তাদের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়া সিরিজেও। ১৯৯৯ এর ইংল্যান্ড বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজ দলের ফিল্ডিং কোচ ছিলেন ফাউন্টেন।১৫ বছর বয়সে সমারসেট অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেললেও ক্রিকেট কোচ হওয়ার আগে ফাউন্টেনের পরিচিতিটা ছিল বেসবলেই। ব্রিটিশ অলিম্পিক বেসবল দলের সদস্য ছিলেন তিনি। বেসবল খেলেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে। খেলেছেন মেজর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপগুলোতেও। ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কোচ প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন ফাউন্টেন।ফাউন্টেনের বাংলাদেশে আসা নিশ্চিত হয়ে গেলেও এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি বোলিং কোচ ল্যান্স ক্লুজনারের আসা সম্পর্কে। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার ব্যাপারে ক্লুজনারের সম্মতি পাওয়া গেলেও চুক্তিসংক্রান্ত কিছু আনুষ্ঠানিকতা বাকি, এমনটাই জানিয়েছে বোর্ড সূত্র। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে আগামী মাসের প্রথম সপ্তাহেই ঢাকায় আসবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ও বাংলাদেশের নতুন বোলিং কোচ।