জুলেরিমে ট্রফি ব্রাজিলের
১৯৭০ সালে ফিফা প্রথমবারের মতো ইউরোপ ও লাতিন আমেরিকার বাইরে বিশ্বকাপের আয়োজন করে। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোকে বিশ্বকাপের দায়িত্ব দিয়ে অবশ্য ফিফা দারুণভাবে সমালোচিত হয়। সমালোচনাটা আসে মূলত ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে। তারা এ সমালোচনার কারণ হিসেবে উল্লেখ করে মেক্সিকোর উচ্চতা ও উষ্ণ আবহাওয়াকে। ইউরোপীয় দেশগুলোর জন্য মেক্সিকোর উচ্চতায় স্বভাবসুলভ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করা ছিল বেশ কষ্টসাধ্য, ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি লাতিন কয়েকটি দেশও মেক্সিকোয় বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করেছিল। তবে তাদের ক্ষেত্রে মেক্সিকোর উচ্চতা কিংবা আবহাওয়ার চেয়ে বিশ্বকাপ আয়োজন করতে না পারার বেদনাই ছিল মূলত কারণ। মেক্সিকো বিশ্বকাপে বিশ্বব্যাপী টেলিভিশন সম্প্রচারের সুবিধার্থে বেশির ভাগ খেলাই ভরদুপুরে আয়োজন করা হয়েছিল। এমনকি সেমিফাইনাল ও ফাইনালের মতো খেলাও দুপুর বেলায় অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭০ সালের বিশ্বকাপের মধ্য দিয়েই সর্বপ্রথম টেলিভিশনে রঙিন সম্প্রচার উপভোগ করে বিশ্ববাসী। ১৯৬৬ সালে রঙিন আলোকচিত্রের ব্যবহার শুরু হলেও ১৯৭০ সালেই প্রথম বিশ্বকাপের খেলাগুলোর রঙিন সম্প্রচার সম্ভব হয়েছিল। ১৯৭০ সালে মেক্সিকোয় পরিষ্কার ফেবারিট ছিল পেলের ব্রাজিল। তারা এ আসরে টানা ছয়টি ম্যাচ জিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে। আর সেই সঙ্গে বিশ্বকাপের ঐতিহাসিক জুলেরিমে ট্রফি নিজেদের করে নেয়। সে সময় ফিফা নিয়ম করেছিল, কোনো দেশ তিনবার বিশ্বকাপ জিতলে জুলেরিমে ট্রফি তাদেরই দিয়ে দেওয়া হবে। ১৯৪৬ সালে ফরাসি শিল্পী অ্যাবেল লাফলিউরের তৈরি এই ট্রফিটির নামকরণ করা হয় বিশ্বকাপ ফুটবল আয়োজনের অন্যতম উদ্যেক্তা ফিফার তত্কালীন সভাপতি জুলেরিমের নামে। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে জুলেরিমে ট্রফি নিজেদের বানিয়ে ফেললে একটি নতুন বিশ্বকাপ ট্রফি বানানোর দরকার পড়ে। ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে প্রথম বর্তমান বিশ্বকাপ ট্রফিটির প্রচলন করে ফিফা। নামকরণে কোনো নাটকীয়তা না রেখে এর নাম দেওয়া হয়, ফিফা বিশ্বকাপ। ইতালীয় শিল্পী সিলভিও গাজ্জানিজা এই ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা করেন। তবে ফিফার নতুন নিয়মানুসারে কোনো দেশই এই ফিফা বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়ে যেতে পারবে না। বিশ্বকাপ বিজয়ী দলকে চার বছরের জন্য নিজ দেশে এই ট্রফিটি রাখার সুযোগ দেওয়া হবে। চার বছর পর বিশ্বকাপ জয়ের স্মরণিকা হিসেবে তারা কেবল একটি রেপ্লিকা নিজেদের দেশে স্থায়ীভাবে রেখে দেওয়ার সুযোগ পাবে।যা হোক, ১৯৭০ সালে ব্রাজিল দলে একঝাঁক অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়ের সমাবেশ ঘটে। ব্রাজিলের এ দলটিকে অনেক ফুটবল সমালোচকই সর্বকালের সেরা দল হিসেবে আখ্যায়িত করেন। পেলে, কার্লোস আলবার্তো, জারজিনহো, তোস্তাও, রিভেলিনো প্রমুখ খেলোয়াড় অসাধারণ ছন্দময় ফুটবল খেলে মন জয় করে নেন বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল দর্শকের। ব্রাজিলের দৃষ্টিনন্দন ফুটবল দেখে ১৯৭০ সালের বিশ্বকাপ প্রতিযোগিতা শুরুর প্রথম দিন থেকে সবাই ব্রাজিলকে সম্ভাব্য শিরোপাধারী হিসেবে অভিহিত করেছিল। ফুটবলের কিংবদন্তি পেলে ১৯৬৬ সালের বিশ্বকাপে অন্যান্য দলের খেলোয়াড়ের কাছ থেকে অখেলোয়াড়সুলভ আচরণের শিকার হয়েছিলেন। অভিমান করেই তিনি আর কোনো দিন বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৭০ সালে অভিমান ভেঙেই তিনি পুনরায় বিশ্বকাপ খেলতে আসেন, আর অনন্য ফুটবলশৈলীর মাধ্যমে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেন।আয়োজনের শুরুতে মেক্সিকো বিশ্বকাপ নিয়ে সমালোচনা ও আপত্তি থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর ভালো ফুটবলের কল্যাণেই ’৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ অসম্ভব উপভোগ্য একটি প্রতিযোগিতায় পরিণত হয়। ’৬২ ও ’৬৬ সালের বিশ্বকাপে যে রক্ষণাত্মক ফুটবলের একটি প্রবণতা গড়ে উঠেছিল ’৭০ সালে তা অনেকটাই কেটে যায়। গড় গোলের সংখ্যাও ছিল সেবার আগের দুবারের তুলনায় অনেক বেশি। প্রতিটি দলই সেবার চেষ্টায় ছিল দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেওয়ার।১৯৭০ সালে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন অবশ্য একজন ইউরোপীয়। তিনি পশ্চিম জার্মানির জার্ড মুলার। ১০ গোল করে তিনি সেবার সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন। আরও দুটি ব্যাপারে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ ইতিহাসের পাতায় আলাদা জায়গা করে নিয়েছে। সেবারই ফিফা প্রথম ফুটবলে লাল ও হলুদ কার্ডের প্রচলন করে। খেলা চলাকালীন খেলোয়াড় পরিবর্তনের প্রথাও সেবারই প্রথম চালু হয়। সব মিলিয়ে আধুনিক ফুটবলের প্রবেশদ্বার বলা যেতে পারে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপকে।১৯৭০ সালের বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী ছিল ইতালি। ব্রাজিলের সঙ্গে ফাইনালে অবতীর্ণ হওয়ার আগে ইতালি সেমিফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-৩ গোলে পরাজিত করে। ইতালি ও পশ্চিম জার্মানির এই সেমিফাইনালকে বিশ্বকাপই কেবল নয়, ফুটবল ইতিহাসেরও অন্যতম সেরা ম্যাচ হিসেবে অভিহিত করা হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে অতিরিক্ত সময়ে গিয়ে খেলাটি নিষ্পত্তি হয় ৪-৩ ব্যবধানে। এত শ্বাসরুদ্ধকর এ খেলাটি ছিল নিরপেক্ষ দর্শকদের জন্য অফুরন্ত রোমাঞ্চ আর আনন্দের উত্স। ফাইনালে চিরকালীন রক্ষণাত্মক ইতালি ব্রাজিলের সঙ্গেও তাদের চিরাচরিত রীতি অনুসরণ করে। নিজেদের ঘর সামলিয়ে আক্রমণে যাওয়ার নীতি ব্রাজিলের ছোট ছোট পাসের আনন্দদায়ী ফুটবলের সামনে একেবারেই মুখ থুবড়ে পড়ে। শেষ পর্যন্ত ৪-১ গোলের পরিষ্কার ব্যবধানে ব্রাজিলের কাছে হার মানে ইতালি। ইতালিও অবশ্য ১৯৭০ সালে বিশ্বকাপ জিততে পারলে চিরদিনের জন্য জুলেরিমে ট্রফি নিয়ে যেতে পারত। কারণ, তারাও সেবার বিশ্বকাপ জিততে পারলে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপাধারী হতো। ফাইনালে খেলার ১৯ মিনিটে ব্রাজিল পেলের দেওয়া গোলে এগিয়ে যায়। ৩৭ মিনিটে ব্রাজিলের রক্ষণভাগের একটি ভয়ংকর ভুলে সুযোগ সন্ধানী গোল করে ইতালিকে ম্যাচে ফেরান রবার্টো বনিনসেগনা। গোল শোধের পরপরই ইতালি উজ্জীবিত না হয়ে কেন যেন একেবারেই নেতিয়ে পড়ে। অনেকে বলে দুই দিন আগের পশ্চিম জার্মানির বিপক্ষে সেমিফাইনালেই ইতালীয় খেলোয়াড়েরা তাঁদের সর্বোচ্চ সামর্থ্য ঢেলে দিয়েছিলেন। ফাইনালে দুপুর বেলার গরম তাঁদের একেবারেই ক্লান্ত করে দেয়। সেই সঙ্গে যুক্ত হয় মেক্সিকো সিটির অনির্বচনীয় উচ্চতা। ৬৫ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে চমত্কার একটি শটে গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মধ্যমাঠের সৈনিক গারসন। এর পাঁচ মিনিটের মাথায় গারসনের একটি ক্রস পেলে হেড করে জার্জিনহোর সামনে ফেললে তিনি কোনো ভুলই করেননি। ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ইতালি দলকে দেখে মনে হচ্ছিল, তারা কেবল খেলার বাকি সময়টা কাটিয়ে দিতে পারলেই বাঁচে। ‘আজ্জুরি’দের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থার মধ্যেই কার্লোস আলবার্তো চতুর্থ গোল করে ব্রাজিলের বিশ্বকাপ জয় নিশ্চিত করেন। এই গোলটি ছিল দৃষ্টিনন্দন। ব্রাজিলীয় সাম্বা ঘরানার ছন্দময় ফুটবলের দারুণ ছোঁয়া ছিল এই গোলটিতে। গোলটির উত্পত্তি ব্রাজিলীয় অর্ধে। রক্ষণভাগের খেলোয়াড় ক্লোদোয়ালদো দুজন ইতালীয় খেলোয়াড়কে কাটিয়ে লংপাসে বল বাড়িয়ে দেন পেলের কাছে। পেলে শরীরের এক ঝটকায় দুজন ইতালীয় ডিফেন্ডারকে ডজ দিয়ে ডানপ্রান্তে দৌড়ে এগিয়ে আসা কার্লোস আলবার্তোকে থ্রু বাড়িয়ে দেন। দৌড়ে আসা অবস্থাতেই চলন্ত বলে পা লাগিয়ে গোল করেন কার্লোস আলবার্তো। পেলের বল প্লেইংয়ে বুনিয়াদী ইতালীয় রক্ষণভাগের একটি প্রান্ত হয়ে পড়েছিল তখন একেবারেই অরক্ষিত। ম্যাচ শেষে তত্কালীন ফিফা সভাপতির কাছ থেকে জুলেরিমে ট্রফিটি নিয়ে দুই হাত দিয়ে তা উচ্চে তুলে ধরেন অধিনায়ক কার্লোস আলবার্তো। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামের মন্ত্রমুগ্ধ দর্শকেরা তখনো বিস্ময়াভিভূত। আর সতীর্থদের মধ্যে তখন আবেগে ভাসছেন পেলে। সেই আবেগ আনন্দের সেই সঙ্গে বেদনারও। কারণ, সেটিই ছিল ফুটবলের সর্বকালের সেরা তারকার সর্বশেষ বিশ্বকাপ উপস্থিতি।