জুয়া খেলতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-দুজন নন, জুয়া খেলার অভিযোগে পাকিস্তানের আট হকি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের চারজনই সাবেক অলিম্পিয়ান কামার ইব্রাহিম, কামরান আশরাফ, দানিশ কালিম ও আনজুম সাঈদ। তাঁদের মধ্যে ইব্রাহিম, আশরাফ ও কালিম—এই তিনজন ১৯৯৪ সালে পাকিস্তানের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলেরও সদস্য। গত শনিবার রাতে লাহোরের এক হোটেল থেকে গ্রেপ্তার করার পর পরশু তাঁদের হাজির করা হয় বিশেষ আদালতে।

পাকিস্তানে জুয়া খেলা নিষিদ্ধ। তবে ঠিক কী ধরনের জুয়া খেলার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তা বিস্তারিত জানাননি লাহোর পুলিশের কর্মকর্তা নাসির হামিদ। আদালতে পুনরায় শুনানির আগে হাজতে নিয়ে আগামী দুই সপ্তাহ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। ইব্রাহিম সম্প্রতি পাকিস্তান জুনিয়র হকি দলের কোচ হয়েছেন। কালিম ও আশরাফও পাকিস্তান হকির বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচ ছিলেন। গ্রেপ্তার হওয়া অন্য চার কর্মকর্তা হলেন মোহাম্মদ ইরফান, ইরফান জিয়া, রানা জহির ও সোহেল আশরাফ। তাঁদের সবাই বর্তমানে পাকিস্তানের হকি ফেডারেশনের বিভিন্ন পদে আছেন। এএফপি।