জুয়াড়ি মজিদ এসেছিলেন আফ্রিদির কাছেও!
গত বছর বাজিকর মাজহার মজিদের যোগসাজসে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন পাকিস্তানের তত্কালীন টেস্ট অধিনায়ক সালমান বাট, দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর জন্য এবার জেলহাজতেও থাকতে হবে এই তিন ক্রিকেটারকে। পাকিস্তানি ক্রিকেট অঙ্গনকে অপমানজনক পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া এই জুয়াড়ি মজিদ শহীদ আফ্রিদির সঙ্গেও অনেকবার যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।সম্প্রতি এক সাক্ষাত্কারে আফ্রিদি বলেছেন, ‘সে অনেকবারই আমার সঙ্গে আলাদাভাবে দেখা করতে চেয়েছে। আমার কাছে সময় চেয়েছে। তার ভাই আজহারও আমার সঙ্গে আলাপ করতে চেয়েছে। কিন্তু আমি সব সময়ই তাদের এড়িয়ে গেছি। কারণ তাদের আচরণ আমার কাছে খুব সন্দেহজনক মনে হয়েছে। আমার মনে তখনই সন্দেহ হয়েছিল যে, এরা ম্যাচপাতানোর মতো অপরাধের সঙ্গে জড়িত।’আফ্রিদি খুবই মর্মাহত মোহাম্মদ আমিরের পরিণতিতে। আমিরের মতো প্রতিভাবান একজন বোলার এই ফাঁদে পা দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন লোভের কথা। তাঁর মতে, ‘আমির এই কেলেঙ্কারিতে জড়িয়েছে কেবল বয়সের কারণে। বয়সই তাঁকে লোভের ফাঁদে আটকে দিয়েছে।’ পিটিআই।