জুয়াড়ির কথামতো রান না নিতে সম্মত হন বাট
গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অভিযোগে লন্ডনের আদালতে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিচারকাজ চলছে। স্পট ফিক্সিংয়ের অংশ হিসেবে পাকিস্তানের তত্কালীন অধিনায়ক বাট ব্যাটিংয়ের সময় একটি ওভারে কোনো রান না নিতে সম্মত হন—এমন একটি রেকর্ড আজ বৃহস্পতিবার আদালতে বাজিয়ে শোনানো হয়।আদালতে কৌঁসুলি আফতাব জাফরজি জানান, গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের ঘটনায় পাকিস্তানের সাতজন ক্রিকেটার জড়িত থাকতে পারেন। এর আগে পুলিশি জিজ্ঞাসাবাদে জুয়াড়ি মাজহার মাজিদ জানিয়েছিলেন, এ ঘটনায় বাট, আসিফ ও আমির ছাড়াও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, কামরান আকমল, উমর আকমল ও ইমরান ফারহাত জড়িত।মজিদ-বাটের কথোপকথনটি রেকর্ড করেছিলেন সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর এক সাংবাদিক। ভারতীয় ব্যবসায়ী পরিচয় দিয়ে ওই সাংবাদিক বাটের লন্ডনভিত্তিক এজেন্ট মাজিদের সঙ্গে সম্পর্ক গড়েন। বড় অঙ্কের অর্থের বিনিময়ে সাংবাদিকের কথামতো পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ে জড়িত করেন মাজিদ।স্পট ফিক্সিং সম্পর্কে অধিনায়ক বাট অবহিত—এটি নিশ্চিত করতে নিজের মোবাইল ফোনে লাউড স্পিকার দিয়ে বাটের সঙ্গে কথা বলেন মাজিদ। তিনি বাটকে প্রশ্ন করেন, প্রথম ওভারটি যে মেডেন হবে, কথাটি মনে আছে? বাট বলেন, ‘হ্যাঁ’। এর পর তৃতীয় ওভারেও কোনো রান না নেওয়ার প্রস্তাব দেন মাজিদ। তবে বাট বলেন, না বন্ধু। ওটা বাদ দাও। মাজিদ পাল্টা প্রশ্ন করেন, এর মানে তুমি আরেকটা মেডেন ওভার দিতে চাও না? আবারও না সূচক জবাব দেন বাট।স্পট ফিক্সিংয়ের ঘটনায় অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অভিযোগে পাকিস্তানের তিন ক্রিকেটার ও জুয়াড়ি মাজিদের বিরুদ্ধে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ফৌজদারি মামলা দায়ের করে লন্ডন পুলিশ। রয়টার্স।