জুয়ের হাত ধরে মাইলফলক
হাস্যোজ্জ্বল ছবিতে তাঁর হাতে সোনার পদক। সাঁতারপুলে ২০০ মিটার ফ্রি-স্টাইলে জিতেছেন। এটি শুধুই একটা পদক নয়। চীনের নাম নতুন করে ইতিহাসের পাতায় লেখানো স্মারক।জু কিয়ানউই এই স্মারকের গর্বিত মালিক। এশিয়ান গেমসে চীনের সহস্রতম সোনা জেতার পর গুয়াংজুর খবরের কাগজের প্রথম পাতায় এই তরুণী।এশিয়াড ডেইলি নামে প্রতিদিন গেমসের একটা বুলেটিন বের হয়। সেটির কালকের সংস্করণের প্রথম পাতার দখল অবশ্য ইয়ান জিয়াচাওয়ের। ১৬তম এশিয়ান গেমসে চীনের প্রথম সোনাজয়ী এই উশু তারকার বিশাল অ্যাকশন ছবি। পুরো পাতাই লাল। শিরোনামও লাল হরফে।মজার ব্যাপার, ইয়ান এই সোনা জয়ের পর সিনেমায় নামতে চান। সাংবাদিকদের বলেছেন, সুযোগ পেলে তিনি সিনেমায় অভিনয় করতে চান। কুংফুর জন্য বিখ্যাত চীনা কোনো পরিচালকের কাছ থেকে শিগগিরই হয়তো ডাক পেয়ে যাবেন!তেমন ইচ্ছে এমসি মেরি কমের আছে কি না, জানা গেল না। তবে ‘ম্যাগনেফিসেন্ট মেরি’ নামে ভারতের এই বক্সারকে খুঁজে নিচ্ছে ফটোসাংবাদিকদের ক্যামেরার লেন্স। ৪৮ কেজি ওজন-শ্রেণীতে পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন এবার এশিয়াডে প্রথম ঢোকা মেয়েদের বক্সিংয়ে সোনা জিততে চান। মণিপুরের গরিব কৃষক-কন্যা ও দুই সন্তানের মাকে নিয়ে বিশাল প্রতিবেদন এশিয়াড ডেইলিতে।সাইক্লিংয়ে ৫০ মিটার টাইম ট্রায়ালের হংকংয়ের অঘটন ঘটিয়ে সোনা জেতা, নিজেদের ঐতিহ্যের জুডোতে জাপানের তিনটি সোনা হারানো দক্ষিণ কোরিয়ার কাছে, ক্রিকেটে চীনা মেয়েদের জয়—সবকিছুই চোখ কাড়ে।ডান্সফ্লোরে চীনাদের নৃত্যরত উচ্ছল ছবি, জিমন্যাস্টিকসে অপূর্ব শারীরিক কসরত, ক্রিকেটে চীনা মেয়েদের প্রথম জয়, ৪০০ মিটার বাটারফ্লাই জিতে চীনা মেয়েদের উল্লাস—এসবই এশিয়াডের দ্বিতীয় দিনের জীবন্ত ছবি। চীনা মায়ের মুখে দুই বছরের শিশুসন্তান যেভাবে গেমসের স্টিকার লাগিয়ে দিচ্ছিল, শুধু তাকিয়ে থাকতে চাইবে যে কেউ।এশিয়ান গেমসটা অবশ্য প্রতিদ্বন্দ্বীদের জন্য তাকিয়ে থাকার মঞ্চ নয়, প্রতিযোগিতার মঞ্চই। ৪৫টি দেশ, ৪৭৬টি ইভেন্ট, ৩৯৮৯টি পদক। ২৮টি অলিম্পিক খেলার সঙ্গে নন-অলিম্পিক ২৪টি খেলা। ৫৩টি ভেন্যুতে প্রতিযোগিতা। ১০ হাজারের বেশি খেলোয়াড়। যত পরিসংখ্যানই হাজির করা হোক, বারবার চীনের কথাই লিখতে হচ্ছে। মাঠে যে তাদেরই প্রাধান্য চলছে।এশিয়ান গেমস শুরু হয়েছে ১৯৫১ সালে। চীনের প্রথম অংশগ্রহণ ১৯৭৪ তেহরান গেমসে। ৩৬ বছরের মধ্যে নিজেদের নবম গেমসেই এক হাজার সোনা হয়ে গেল! কাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চীন প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার চেয়ে সোনা জয়ে এগিয়ে ছিল অনেক দূর। চীন জিতেছে ৩৬ সোনা, কোরিয়া ১৩। জাপানে পড়ে আছে অনেক পেছনে (৮টি)।তাতে চীনের কী আসে-যায়। তারা ছুটছে, নিজেদের সঙ্গেই পাল্লা দিয়ে। অচেনা নাম হতে পারে, কিন্তু চীন তার প্রাধান্য ধরে রেখেছে ডান্সফ্লোরে। এই ইভেন্টের প্রথম দিনে ৫ সোনার সব কটিই জিতেছে চীন। শ্যুটিং-সাইক্লিংয়ে ৬টি করে, সাঁতারে ৫টি, ভারোত্তোলনে ৩টি, উশুতে ২টি সোনাজয়ী স্বাগতিকেরা জানান দিয়েছে, এই গেমসও যথারীতি চীনেরই জয়গান গাইবে।তবে দক্ষিণ কোরিয়া একটা জায়গায় ভালোই করছে। জাপানের জুডো ঐতিহ্যে এবার ভাগ বসিয়ে প্রথম দিনে চারটি হেভিওয়েটের ৩টিই জিতেছে তারা। জাপান জুডোতে তিনটি এবং সফট টেনিসে দুটি সোনা জিতেছে। দুটি করে সোনা বিলিয়ার্ড আর সেইলিং ট্র্যাকে। কোরিয়ার এখন পর্যন্ত বড় অর্জন শ্যুটিং রেঞ্জ থেকে—৫ সোনা।সোনার হিসাব চলতে থাকবে ২৭ নভেম্বর পর্যন্ত। তার আগে চলছে গুয়াংজুর ‘বিগ ব্যান’খ্যাত ঘড়িটি চালু করার উদ্যোগ। ১৯৮০ সালে ওটি বন্ধ করে দেওয়া হয়। পার্ল নদীর তীরের শহর আবার সেই ঘড়ি চালু করতে চায় এশিয়ান গেমসকে আরও স্মরণীয় করে রাখতে।গুয়াংজুতে চলছে অলিম্পিক গেমস আয়োজনের চিন্তাভাবনাও। ৬০.৩২ মিলিয়ন ডলারের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি জ্যাক রগে বলে দিয়েছেন, ‘গুয়াংজুর সামর্থ্য আছে অলিম্পিক গেমস আয়োজন করার এবং আমার বিশ্বাস গুয়াংজু একদিন সেটি করবেও।’