জেএফএ কাপ ফুটবলে বয়স নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাগবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইলিয়াস এর আগে টুর্নামেন্টে ম্যাচ খেলেছে তিনটি। অসুস্থ ছিল। কিন্তু কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেমেই ঝলসে উঠল সে। তার হ্যাটট্রিকে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের চূড়ান্ত পর্বে টাঙ্গাইল ৫-১ গোলে হারাল কুষ্টিয়াকে। অন্য ম্যাচে বিকেএসপি ৩-০ গোলে হারিয়েছে খুলনাকে।ইলিয়াসের বয়স যখন মাত্র পাঁচ, ক্যানসারে মারা যান তার বাবা আবদুল কাইয়ুম। পিতৃহারা ইলিয়াসের বেড়ে ওঠা ফুপাতো ভাইয়ের আশ্রয়ে। তার স্বপ্ন বড় ফুটবলার হওয়া। কালকের হ্যাটট্রিকটিকে সৌভাগ্যের সূচনা ভাবছে এই কিশোর। কিন্তু কোচ আতিকুর রহমানের দুর্ভাগ্য, দলের ১৮ জন ফুটবলারের সাতজনই বাদ পড়েছে বাছাইয়ে। অভিযোগ—বয়স বেশি। হাতেগোনা ১১ জন খেলোয়াড়, কেউ ইনজুরিতে পড়লেই আর দল নামানো যাবে না।বেশি বয়সের অভিযোগে বাদ পড়েছে কুষ্টিয়া ও খুলনার পাঁচজন করে খেলোয়াড় এবং বিকেএসপির দুজন। আঞ্চলিক পর্ব খেলে আসার পর মূল পর্বে কীভাবে একই খেলোয়াড়ের বয়স বেড়ে যায়? বয়স নির্ধারণের দুই রকম মানদণ্ডে আপত্তি আতিকুরের, ‘দুই রকম নিয়ম কেন হবে? এমনটা জানলে অন্যভাবে প্রস্তুতি নিতাম।’ বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সত্যজিৎ দাস স্বীকার করেছেন বিষয়টি ত্রুটিপূর্ণ, ‘বাছাই-প্রক্রিয়ায় একটা ভুল হয়েছে। তবে এখন চাইলে খেলোয়াড় নেওয়া যাবে।’