জেএফএ কাপে সেরা ঢাকা মহানগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইব্রেকার মানে ভাগ্যপরীক্ষা। সেই পরীক্ষায় টাঙ্গাইলকে ৪-২ গোলে হারিয়ে পঞ্চম জেএফএ কাপ জিতে নিল ঢাকা মহানগর স্কুল একাদশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কালকের ফাইনাল নির্ধারিত সময় শেষে ছিল ১-১। এরপর সরাসরি টাইব্রেকার।বছর তিনেক পর জেএফএ কাপ এবার মাঠে ফিরেছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন পৃষ্ঠপোষণা করে আসছে শুরু থেকেই। কিন্তু মাঝখানে কিছু সমস্যার কারণে টুর্নামেন্টটি বাক্সবন্দী হয়ে পড়ে। বাফুফের বর্তমান কমিটির অধীনে এটিই প্রথম জেএফএ কাপ।শেষ বাঁশির সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নরা মাতল উল্লাসে। টুর্নামেন্টের সেরা গোলদাতা মোহাম্মদ ইলিয়াসের শট টাইব্রেকারে আটকে দিয়েছে ঢাকা মহানগরের গোলরক্ষক শাহীন। সবাই ছুটে গিয়ে শাহীনের ওপর ঝাঁপিয়ে পড়ল। ভিড়ের মধ্যে হারিয়েই গেল সে।তবে একটা দৃশ্য খুব বেখাপ্পা লেগেছে। ঢাকা মহানগর জিতেছে, আর বাফুফের কয়েকজন কোচ কিনা খুবই উৎফুল্ল! বাফুফের কোচদের নিরপেক্ষ থাকার কথা। এটা নিয়ে ক্ষোভ ছিল টাঙ্গাইলের। এমনকি শেষ দিকে একজন খেলোয়াড়কে নিবন্ধন ছাড়াই ঢাকা মহানগর মাঠে নামিয়েছে বলে অভিযোগ টাঙ্গাইলের সহকারী কোচ বিপ্লব দাসের।এসব অভিযোগ নিয়ে বাফুফের সদস্য হাসানুজ্জামান খান বললেন, ‘ঢাকা মহানগর দলটা মূলত এটিএন বাংলা করেছে। বাফুফের কাছ থেকে তারা কোচ চেয়ে নিয়েছে। এর বেশি কিছু নয়। কোনো অনিয়ম হয়নি।’ওদিকে রানার্সআপ টাঙ্গাইলের ক্ষোভ থামছিলই না। কোচ আতিকুর রহমান বলছিলেন, ‘মফস্বল থেকে ছেলেরা ঢাকার দলের সঙ্গে খেলেছে, এমনিতেই ভয় পায়। জেলার দল নিয়ে জেএফএ কাপ, কিন্তু এখানে বিকেএসপি, মহানগর স্কুল একাদশ কেন? বাফুফে থেকে ওরা বিভিন্ন সুযোগ-সুবিধা পায়। এভাবে জেএফএ কাপ করার কি মানে আছে?’টাঙ্গাইলের জন্য হতাশার, ৩ মিনিটে জুয়েল রানার গোলটা ধরে রাখতে পারেনি। ৩২ মিনিটে গোলটা শোধ করে দেয় ঢাকা মহানগরের জাহিদ। তবে এদের সবাইকে ছাপিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পেয়ে গেল চ্যাম্পিয়ন দলের স্ট্রাইকার আবিদ। এই কিশোর তো বটেই, অন্য সবার মুখেও একটাই কথা ছিল, ‘আমরা বাংলাদেশ লিগে খেলব একসময়।’জেএফএ কাপ কিশোর ফুটবলারদের চোখে একটা স্বপ্নই এঁকে গেল।