কী এমন মন্ত্র জানেন মানো মেনেজেস? প্রথমার্ধে যে ব্রাজিল ১-১ ড্র নিয়ে ফিরল সাজঘরে, তারাই কিনা দ্বিতীয়ার্ধে এমন ঝলসে উঠল! ইকুয়েডরকে হারিয়ে দিল ৪-২ গোলে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটে উঠে গেল কোয়ার্টার ফাইনালে।প্রথম দুই ম্যাচে ব্রাজিলকে জার্সি দেখে চিনতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে তো হারতে হারতে শেষ পর্যন্ত ১ পয়েন্ট পেয়েছে অন্তিম সময়ে ফ্রেডের গোলের কল্যাণে। শেষ ম্যাচে তাই তাঁদের কাঁধে সিন্দাবাদের ভূত হয়ে চেপে বসেছিল চাপের পাহাড়। হলুদ জার্সির সঙ্গে নীলের বদলে সাদা শর্টস পরে খেলা ব্রাজিল নিজেদের চেনাল সেই চাপের বৃত্তে থেকেই। ৬-০ স্কোর নিয়েই ফিরতে পারত মেনেজেসের দল। দুটো গোলই হয়েছে হুলিও সিজারের ভুলে। প্রথম গোলটা তো তাঁর মাপের গোলরক্ষকের জন্য যথেষ্ট লজ্জার। ওদিকে রবিনহোর একটা গোল বিতর্কিত সিদ্ধান্তে বাতিল করেছেন রেফারি। তাঁর আরেকটা শট ফিরে এসেছে বারে লেগে।দারুণ খেলে রবিনহো বুঝিয়ে দিয়েছেন, দ্বিতীয় ম্যাচে তাঁকে বসিয়ে রেখে ভুল করেছেন মেনেজেস। কোচকে সবচেয়ে বড় অনুতাপে ভুগিয়েছেন মাইকন, প্রথম দুই ম্যাচে মেনেজেস যাঁকে মাঠেই নামাননি। কাল দানি আলভেজকে বসিয়ে রেখে সুযোগ দেওয়া হলো মাইকনকে। এই রক্ষণ তো এই আক্রমণে—ইকুয়েডরকে সব সময়ই অস্বস্তিতে রেখেছেন এই ফুলব্যাক।তবে ম্যাচের আসল নায়ক এঁদের কেউ নন, নায়ক দুই তরুণ স্ট্রাইকার—পাতো আর নেইমার। ২৮ মিনিটে হেড থেকে প্রথম গোলটি এনে দিয়েছিলেন পাতো। কিন্তু ৭ মিনিট পরেই ফেলিপে কাইসেদো গোলটা শোধ করে দেন। সিজারের ভূমিকাই অবশ্য বেশি এতে। সোজা এক সাধারণ শট শরীরের নিচ দিয়ে গোলে যেতে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় ব্রাজিল। সংশয়ের কাঁটা তখন বিঁধে আছে সমর্থকদের মনে। যদি অঘটন ঘটে যায়!কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণ খেলে সেই সংশয়ের মেঘ তাড়িয়ে দিয়েছে ব্রাজিল। পাতোর বাড়িয়ে দেওয়া বলে গোল করে ৪৮ মিনিটে আবারও দলকে এগিয়ে নেন নেইমার। কিন্তু এবারও বেশিক্ষণ লিডটা ধরে রাখতে পারেনি ব্রাজিল। সেই কাইসেদোই ৫৮ মিনিটে সিজারের ‘সহায়তায়’ গোল শোধ করে দেন। ইকুয়েডর হয়তো অঘটনের স্বপ্নই দেখছিল। কিন্তু ৬১ মিনিটে তাদের বাস্তবতার মাটিয়ে নামিয়ে আনে পাতোর গোল। নেইমারের শট ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক মার্সেলো এলিজাগা। ফিরতি বলটা জালে পাঠিয়ে দেন পাতো। ১০ মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যান নেইমার। হ্যাটট্রিকের সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে দুজনকেই অবশ্য তুলে নেন কোচ। ৭৯ মিনিটে নেইমারকে, ৫ মিনিট পর পাতোকে।দ্বিতীয় ম্যাচের মতো এ দিন প্রথম ম্যাচেও গোল হয়েছে ৬টি। প্যারাগুয়ের বিপক্ষে শেষ পাঁচ মিনিটে দুই গোল করে পরাজয়কে ৩-৩ ড্রয়ে রূপান্তরিত করেছে ভেনেজুয়েলা। পঞ্চম মিনিটেই হোসে রনদনের গোলে এগিয়ে গিয়েছিল ভেনেজুয়েলা। ৩৩ মিনিটে আন্তোলিন আলকারাহের গোলে সমতা ফেরায় প্যারাগুয়ে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ড্র করতেই হবে—এই সমীকরণে দাঁড়িয়ে থাকা প্যারাগুয়ে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ৩-১ গোলে। ৬২ মিনিটে লুকাস ব্যারিয়স ও ৮৫ মিনিটে ক্রিস্টিয়ান রিভেরোস এই লিড এনে দেন। প্যারাগুয়ের জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, সেই সময়ই নাটক। ৮৯ মিনিটে নিকোলাস ফেদর ৩-২ করেন। ৯২ মিনিটে গ্রেন্দি পেরোজোর গোল ম্যাচে আনে সমতা।দুই দলই অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপে রানার্সআপ ভেনেজুয়েলা মুখোমুখি হচ্ছে চিলির। প্যারাগুয়ে দুই সেরা তৃতীয়র একটি হিসাবে কোয়ার্টার ফাইনালে পড়ে গেল একই গ্রুপের ব্রাজিলের সামনে। এএফপি, রয়টার্স।