জেগে উঠেছে সুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমকের আফ্রিকান কাপ অব নেশনস একের পর এক চমক উপহার দিয়েই চলেছে। সর্বশেষ চমকের নাম—সুদান। গত বৃহস্পতিবার আফ্রিকান কাপ অব নেশনসে ৩৬ বছর পর প্রথম গোলের দেখা পাওয়া সুদানের প্রাপ্তির খাতায় পরশু যোগ হলো আরও বড় কিছু। ৪২ বছর পর প্রথম জয়।বুরকিনা ফাসোর বিপক্ষে ২-১ গোলের জয়টি ৪২ বছর পর কোয়ার্টার ফাইনালেও তুলে দিয়েছে দলটিকে। ‘নীল নদের কুমির’ খ্যাত সুদান নেশনস কাপে সর্বশেষ নকআউট পর্বে উঠেছিল ১৯৭০ সালে। পরে হয়েছিল চ্যাম্পিয়নও, যা এখনো হয়ে আছে তাদের একমাত্র শিরোপা। সেবার ফাইনালে ঘানার বিপক্ষে জয়টিই (৩-২) ছিল নেশনস কাপে তাদের সর্বশেষ জয়।চার দশক পর জয় এবং কোয়ার্টার ফাইনাল—সুদানিরা মেতেছে উৎসবে। রাতেই পতাকা উড়িয়ে, ভেঁপু বাজিয়ে জয় উদ্যাপন করেছে রাস্তায় নেমে আসা সুদানিরা। মুখে স্লোগান, ‘জেগে উঠেছে সুদান’।ঘটনা ঘুম থেকে জেগে ওঠার মতোই। পঞ্চাশ ও ষাটের দশকে সুদান ছিল আফ্রিকান ফুটবলের অন্যতম পরাশক্তি। ‘কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল’-এর চার প্রতিষ্ঠাতার অন্যতম সুদান। ১৯৫৭ সালে প্রথম আসরের আয়োজকও ছিল সুদান, হয়েছিল তৃতীয়। ১৯৫৯ সালে দ্বিতীয় আসরে রানার্সআপ। রানার্সআপ ১৯৬৩ সালেও। সেই সুদান ১৯৭৬ থেকে ২০০৮—মাঝের ৩২ বছরে চূড়ান্ত পর্বেই উঠতে পারেনি। তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে ২০০৮ সালে চূড়ান্ত পর্বে উঠলেও গ্রুপ পর্ব থেকেই বিদায়।এবারও শুরুটা আইভরি কোস্টের কাছে ১-০ গোলের হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে অ্যাঙ্গোলার সঙ্গে ২-২ গোলে ড্র, ৩৬ বছর পর গোলের দেখা, সঙ্গে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখা মূল্যবান একটি পয়েন্ট। পরশুর জয়ে সেই স্বপ্ন পূরণ। সুদান কোয়ার্টার ফাইনালে ওঠায় কপাল পুড়েছে অ্যাঙ্গোলার। প্রথম দুই ম্যাচেই ৪ পয়েন্ট পাওয়া অ্যাঙ্গোলা হেরে গেছে আইভরি কোস্টের কাছে। আগেই শেষ আট নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন দ্বিতীয় সারির দল নামিয়েও আফ্রিকার ‘হাতি’রা জিতেছে ২-০ গোলে। ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে দিদিয়ের দ্রগবার দল, যেখানে আগামী ৪ ফেব্রুয়ারি দ্রগবাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার্সআপ সহ-স্বাগতিক ইকুয়েটরিয়াল গিনি। ওই দিনই অন্য কোয়ার্টার ফাইনালে সুদানের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন জাম্বিয়া। অন্য দুই কোয়ার্টার ফাইনালে গ্যাবন ও তিউনিসিয়ার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।হারের পরও অ্যাঙ্গোলার পয়েন্ট সুদানের সমান ৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় কপাল খুলেছে সুদানের। অ্যাঙ্গোলার বিপক্ষে সুদানের দুটি গোলই করেছিলেন ইউসুফ বশির। পরশুর দুটি গোলই মাদাথের এলতায়েব ইব্রাহিমের। এএফপি।