জেগে ওঠার ডাক ম্যাকগ্রার

অ্যালান বোর্ডারের নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ক্রমেই হয়ে উঠেছিল অজেয় এক শক্তি। সেই স্বর্ণালি সময়ের উজ্জ্বল তারকাদের একজন গ্লেন ম্যাকগ্রা। অ্যাশেজের প্রথম দুই টেস্টে পরাজয় রক্ত ঝরাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুই যুগের দুই মহানায়কের বুকে
লর্ডসে তিন টেস্ট খেলে তিনবারই নাম তুলেছেন অনার্স বোর্ডে। ৩ টেস্টে ২৬ উইকেট, একসময় ক্যারিয়ার-সেরা বোলিংও ছিল (৮/৩৮) এখানেই। তাঁর সময়ের অস্ট্রেলিয়া এই মাঠে কতবার গুঁড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে! এই লর্ডসের ব্যালকনিতেই উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি। সেই মাঠের কমেন্ট্রি বক্সে বসে এবার দেখলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটকে লজ্জায় ডুবতে। দেখলেন ক্লার্কের দলের অসহায় আত্মসমর্পণ। এত দিন আশায় বসতি গড়লেও লর্ডস-ধাক্কায় এবার বাস্তবতা বুঝতে পারছেন গ্লেন ম্যাকগ্রা। উপলব্ধি হয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট এখন তলানিতে। দেশের ক্রিকেটের মান বাঁচাতে তাই উত্তরসূরিদের ডাক দিয়েছেন জেগে ওঠার।
নিজের সময়টায় প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে বারবার আউট করেছেন বলে-কয়ে। সিরিজ শুরুর আগে ৫-০ জয়ের ঘোষণা দিয়েছেন, দল সেটা করে দেখিয়েছে মাঠে। সেই সময় যে আর নেই, সেটা বুঝলেন গত অ্যাশেজে। তত দিনে সাবেক হয়ে যাওয়া ম্যাকগ্রা ভবিষ্যদ্বাণী করেছিলেন ৫-০, কিন্তু দেশের মাটিতে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। এবার বলেছিলেন অস্ট্রেলিয়ার পক্ষে ২-১, প্রথম টেস্টে হারের পরও অটল ছিলেন নিজের বিশ্বাসে। কিন্তু লর্ডসের চার দিনে সেই বিশ্বাস ভেঙে চুরমার। ওয়েবসাইট।
এখন তাই আর ফলাফল অনুমানের পথেই হাঁটছেন না টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসার (৫৬৩)। গার্ডিয়ান-এ লেখা কলামে বরং সতর্কবার্তা শোনালেন উত্তরসূরিদের, ‘কথায় আছে, পতন শুরু হলে আবার উত্থানের শুরুটা হয় একদম তলানিতে পৌঁছালে। অস্ট্রেলিয়ান ক্রিকেট এখন ওখানেই, একদম তলানিতে। ক্রিকেটাররা যদি এখনো জাগরণের ডাক শুনতে না পায়, তাহলে তারা অস্ট্রেলিয়ায় হয়ে খেলার যোগ্য নয়। সিরিজে ঘুরে দাঁড়ানোর সময় এখনই। সেটা না পারলে ওভালে শেষ টেস্ট নাগাদ এই দলের অনেকেই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখতে পাবে।’
দলে একটি পরিবর্তনের পরামর্শও দিয়েছেন অ্যাশেজে ৩০ টেস্টে ১৫৭ উইকেট নেওয়া পেসার। অ্যাশটন অ্যাগারের জায়গায় দেখতে চান নাথান লায়নকে, ‘২০১১ সালে অভিষেকের পর এই সিরিজের আগ পর্যন্ত আর যেকোনো অস্ট্রেলিয়ান বোলারের মতোই উইকেট নিয়েছে নাথান লায়ন, ৩৩ গড়ে ৭৬ উইকেট। পরের টেস্টের একাদশে ওকে রাখা উচিত। অ্যাশটন অ্যাগারকে আমার ভালো লেগেছে, ওর প্রাণচাঞ্চল্যের প্রশংসাও করি আমি। কিন্তু আমাদের প্রয়োজন এমন একজন স্পিনার, যে আরও বেশি প্রভাব ফেলতে পারে।’ এমন একজন স্পিনারের কথা ভাবতে গিয়ে সদ্য অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া পাকিস্তানি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদও উঁকি দিচ্ছেন ম্যাকগ্রার মনে, ‘অস্ট্রেলিয়া “এ” দলের হয়ে জিম্বাবুয়েতে মাত্রই ৮ উইকেট নেওয়া ফাওয়াদ আহমেদকেও স্কোয়াডে দেখার আশা করছি আমি।’