জেতাটাই আসল, ছন্দময় ফুটবল খেলে হারায় কোনো কৃতিত্ব নেই: কার্লোস দুঙ্গা
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ওপর সব সময়ই সমর্থকদের একটা চাপ থাকে। সমর্থকেরা চায় ব্রাজিল কেবল জিতবেই না, ছন্দময় ফুটবল খেলে প্রতিপক্ষকে উড়িয়ে দেবে। আজও অনেকে বলেন, ১৯৮২ ও ১৯৮৬ সালের ব্রাজিল দলের বিশ্বকাপ না জেতার কোনো কারণ ছিল না। অসাধারণ ব্যক্তিগত কারিশমা প্রদর্শনের খেলোয়াড় বেশ কয়েকজনই ছিলেন ওই দুইবারের ব্রাজিল দলে। জিকো, সক্রেটিস, ফ্যালকাও, অ্যালেমাও, ক্যারেকাদের মতো খেলোয়াড়ের সমন্বয়ে গড়া ব্রাজিল দল ওই দুইবার বিশ্বকাপ নিজ দেশে নিয়ে যেতে পারেনি। ১৯৯৪ সালে ব্রাজিল ২৪ বছর পর কাপ জেতে মানসিকভাবে দৃঢ়, পরিশ্রমী কার্লোস দুঙ্গার নেতৃত্বে। ২০০৬ সালে ব্রাজিল দলের কোচের হাল ধরা দক্ষিণ ব্রাজিলের এই মানুষটির রোমান্টিকতার চেয়ে ফলাফলের দিকে বেশি মনোযোগ। সমালোচকেরা বারবারই বোল তুলেছেন দুঙ্গার প্রশিক্ষণে ব্রাজিল তাদের অতীত ঐতিহ্য হারাচ্ছে। ব্রাজিলের বর্তমান দলটির খেলা এখন আর হূদয়ে ঝড় তোলে না। ১৯৮২, ১৯৮৬ সালের ফলাফলের অভিজ্ঞতা থেকেই দুঙ্গা মনে করেন, অসাধারণ ফুটবলশৈলী উপহার দিয়ে কোনো লাভ নেই যদি না দল জেতে। তিনি দলকে যেকোনো মূল্যে জেতাতে চান। দুঙ্গার পরিশ্রমী ফলাফলভিত্তিক চিন্তাভাবনাই প্রতিফলিত হচ্ছে বর্তমান ব্রাজিল দলে। সম্প্রতি একটি বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাত্কারে ব্রাজিল কোচ দুঙ্গা অকপটেই জানিয়েছেন, ব্রাজিল দল নিয়ে তাঁর চিন্তাভাবনা ও লক্ষ্যের কথা। প্রশ্ন: আরেকটি বিশ্বকাপে আপনি ব্রাজিল দলের অংশ। এবার ভূমিকাটা কোচের। এ ব্যাপারে আপনার অনুভূতি কী?দুঙ্গা: অসাধারণ, আনন্দদায়ক এক অনুভূতি। আরও একটি বিশ্বকাপে আমি ব্রাজিল দলের অংশ। এই দলে বহু বছর খেলেছি, অধিনায়ক ছিলাম। এখন কোচ হয়ে দলকে বিশ্বকাপ জেতাতে নিয়ে এসেছি। আমার অনুভূতি ঠিক বলে বোঝাতে পারব না। তবে আনন্দের পাশাপাশি ভয়ও আছে। বিরাট দায়িত্ব কাঁধে নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। এই দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে। সাধারণত ব্রাজিলের সমর্থকেরা জয় ছাড়া কিছুই বুঝতে চায় না। প্রতিটি ম্যাচেই তারা জয় চায়। দেখতে চায় ভালো ফুটবল। এটা সত্যিই বিরাট একটি চাপ। এর পাশাপাশি ব্রাজিলীয়রা মনে করে, তারা বিশ্বের সেরা ফুটবল খেলুড়ে দেশ। তাই দেশের মানুষই প্রতি চার বছর পর পর জুন-জুলাই মাসে নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায়। এবার আমাদের লক্ষ্যই থাকবে সেই বিশ্বচ্যাম্পিয়নের খেতাবটা হাতের মুঠোয় নিয়ে আসা। প্রশ্ন: গত বিশ্বকাপে ব্রাজিল ছিল হট ফেবারিট। কিন্তু দলটি কোয়ার্টার ফাইনাল পর্যায় থেকে বিদায় নিয়েছিল। তার পরই তো আপনি কোচের দায়িত্ব নিলেন....দুঙ্গা: বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা এখানে সত্যি বলতে কী কারও সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই বলা যায় না। এখানে কোনো ফেবারিট নেই। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যায় না। প্রতিটি দলকেই মাঠে নিজেদের সেরাটা দিতে হয়—এটাই বিশ্বকাপ। ব্রাজিল গতবার কোয়ার্টার ফাইনালের খেলাটিতে ফ্রান্সের সঙ্গে ভালো খেলতে পারেনি বলেই হেরেছিল। ওই দিনটিতে ফ্রান্সই ছিল ফেবারিট। অথচ ২০০৬ সালে বিশ্বকাপ শুরু হওয়ার আগে কেউই ফ্রান্সের কথা তেমনভাবে বলেনি। ইতালি বর্তমান চ্যাম্পিয়ন। কেউ কী গতবার ইতালিকে গণনায় ধরেছিল? অতএব, ওসব বলে লাভ নেই। বিশ্বকাপ শেষ হলেই বোঝা যায়, আসলে সত্যিকার অর্থে কে ফেবারিট। প্রশ্ন: গত চার বছরে আপনার প্রশিক্ষণে ব্রাজিল সাফল্য পেয়েছে, কোপা জিতেছে, কনফেডারেশন জিতেছে—ইত্যাদি অনেক সাফল্য এসেছে আপনার হাত ধরে, তার পরও ব্রাজিলভক্তরা আপনার দলটির খেলার ধরন নিয়ে একেবারেই খুশি না। এ ব্যাপারে আপনার বক্তব্য কী?দুঙ্গা: হ্যাঁ আমরা কোপা জিতেছি, গত বছর কনফেডারেশন কাপ জিতেছি। অলিম্পিক ফুটবলের সোনাটাই কেবল জিততে পারিনি। বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে আমাদের ধারে-কাছে কেউ ছিল না। আমার দৃষ্টিতে গত চার বছরে আমাদের ফলাফল মোটামুটি ভালোই। তবে ব্রাজিল সমর্থকদের কাছে বিশ্বকাপটাই আসল। বিশ্বকাপ জিততে না পারলে পেছনের সব সাফল্যই মিথ্যা হয়ে যাবে। আগামী একমাস আমাদের জন্য বেশ কঠিনই যাবে। প্রশ্ন: আপনি গত চার বছর ধরে ব্রাজিলকে প্রতি-আক্রমণনির্ভর দল হিসেবে গড়ে তুলেছেন। কিন্তু সমর্থকেরা চায়, ব্রাজিল তাদের সনাতনী লাতিন ধরনের খেলায় সবাইকে মোহিত করে দিক। এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি...দুঙ্গা: দেখুন, ১৯৯৪ সালে দীর্ঘ ২৪ বছর পর ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। এর আগে ১৯৭০ সালের পর প্রতিটি বিশ্বকাপেই ব্রাজিল ছিল দুর্দান্ত দল, অসাধারণ সব খেলোয়াড় ছিল আমাদের ওই দলগুলোয়। ১৯৮২ ও ১৯৮৬ সালের কথাই ধরুন, এত চমত্কার খেলেও আমরা ওই দুইবার কাপ পাইনি। ১৯৯০ সালে আমি দলে ছিলাম। আর্জেন্টিনার সঙ্গে যে ম্যাচটাতে হেরে আমরা বিদায় নিয়েছিলাম, সেই ম্যাচের পুরো দখল ছিল আমাদের হাতে। আমরা কেবল গোল পাইনি। কিন্তু ডিয়েগো ম্যারাডোনার বাড়িয়ে দেওয়া একটি বলকেই গোলে পরিণত করে ক্লদিও ক্যানিজিয়া। ছন্দময় ফুটবল খেলে কী লাভ, যদি জিততেই না পারি। ১৯৯৪ সালে ব্রাজিল ’৮২, ’৮৬ ও ’৯০-এর কাছাকাছি মানেরও ফুটবল খেলেনি। তার পরও আমরা বিশ্বকাপ জিতেছিলাম। ভালো খেলে হেরে গিয়ে কোনো লাভ নেই। আমার তো মনে হয়, ভালো খেলে হারার চেয়ে খারাপ খেলেও জেতাটার মধ্যে সার্থকতা বেশি। প্রশ্ন: বিশ্বকাপের জন্য আপনার নির্বাচিত ব্রাজিল দলটি নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে। অনেকে বলছেন, দল নির্বাচনে প্রতিভাবানদের অবমূল্যায়িত করেছেন আপনি, দলে গড়পড়তা খেলোয়াড়েরা জায়গা করে নিয়েছে...দুঙ্গা: বিশ্বকাপের জন্য ব্রাজিল দলটি নির্বাচনের সময় আমি বিবেচনায় এনেছি সেইসব খেলোয়াড়কে, যারা বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দেশের জন্য সর্বস্ব উজাড় করে দিতে সক্ষম। খেলোয়াড়দের বর্তমান ফর্মের নিরিখেই তাঁদের দলে নেওয়া হয়েছে, কিংবা বাদ দেওয়া হয়েছে। প্রতিভা তো অবশ্যই বিবেচনায় এসেছে। আর নির্বাচিত দলটির বেশির ভাগই গড়পড়তা মানের খেলোয়াড়—এটা আমি মানতে পারছি না।প্রশ্ন: রোনালদিনহো এবারের সিরি ‘আ’ মৌসুমে এসি মিলানের হয়ে দুর্দান্ত খেলেছেন। আপনি কী মনে করেন না, তাঁর অভিজ্ঞতাটা দলের কাজে আসত?দুঙ্গা: রোনালদিনহোকে নিয়ে বিতর্ক হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। সে ব্রাজিলের রিজার্ভ স্কোয়াডে রয়েছে, তবে হ্যাঁ সে ২৩ জনের মূল দলে নেই। প্রশ্ন: আদ্রিয়ানোকেও তো দলে নিলেন না...দুঙ্গা: আদ্রিয়ানোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। আগেই বলেছি, বর্তমান ফর্মের বিচারেই দল ঘোষণা করা হয়েছে। আদ্রিয়ানো ফর্মে ছিল না। ফর্মহীন খেলোয়াড়কে দলে নিয়ে কেন ঝুঁকি নেব বলুন?প্রশ্ন: ব্রাজিল বিশ্বকাপে পর্তুগাল ও আইভরিকোস্টের মতো শক্ত দলের সঙ্গে খেলবে। গ্রুপটিকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’। দুঙ্গা: আমি এই ‘গ্রুপ অব ডেথ’ জাতীয় তত্ত্ব্বেই বিশ্বাস করি না। বিশ্বকাপে ৩২টি দল খেলতে এসেছে। প্রতিটি দলই শক্তিশালী। নিজেদের যোগ্যতা প্রমাণ করেই তারা বিশ্বকাপ খেলতে এসেছে। বিশ্বকাপ জিততে হলে আপনার প্রতিটি দলকেই মোকাবিলা করার প্রস্তুতি থাকতে হবে।প্রশ্ন: ব্রাজিলের বিশ্বকাপ জেতার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?দুঙ্গা: কেবল ব্রাজিলীয়রা নয়, বিশ্বকাপ আসলে সমগ্র বিশ্বই আশা করে থাকে—এবারের কাপটা ব্রাজিল জিতবে। বিশ্বকাপকে সামনে রেখে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। এখন কেবল প্রতিযোগিতা শুরু হওয়ার অপেক্ষা। খেলোয়াড়েরা মাঠে গিয়ে পরিকল্পনামাফিক খেলতে পারলে আমরাই বিশ্বকাপ জিতব বলে আশা রাখি।