জেতার কথা ভাবেনি পাকিস্তানও

পাকিস্তান তখনো ২০০ করেনি। ওভারপ্রতি রান দরকার ১০-এর কাছাকাছি। চোখ রাঙাচ্ছে হার। ড্রেসিংরুমে ম্যানেজারের অস্থির পায়চারি। বাংলাদেশ জিতুক, কিন্তু বোনাস পয়েন্ট যেন না পায়। খেলোয়াড়দের উদ্দেশে বললেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। হারলে হারবে। তবে খেলাটা উপভোগ করো। আর রান যেন ২৬০-এর কম না হয়।’

হ্যাঁ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরশু রাতে ৩২৬ রান তাড়া করে জেতার কথা পাকিস্তানও ভাবেনি। পরাজয় একরকম মেনে নিয়েই ২৬০ রানের ‘মাইলফলক’ স্পর্শের অপেক্ষায় ছিল তারা। কিন্তু শহীদ আফ্রিদির ঝোড়ো ইনিংস পাকিস্তান শিবিরের হিসাব-নিকাশও দিল এলোমেলো করে। ম্যাচ শেষে ওই ম্যানেজারই তাই আবার বললেন, ‘ম্যাচ আমরা জিতিনি। আল্লাহই আমাদের জিতিয়ে দিয়েছেন।’
ম্যাচ জিতে পাকিস্তান যত না আনন্দিত, তার চেয়ে বেশি বিস্মিত। মিসবাহ-হাফিজের বিস্ময়, নাসির-মুমিনুল এত ভালো বল করার পরও কেন শেষ দিকে তাঁদের হাতে আর বল দিলেন না বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁরা তবু নিজেদের মধ্যে আলোচনা করেছেন, সুযোগ পেয়ে উমর গুল তো প্রশ্নই করে বসলেন মুশফিককে! রাতে হোটেলে ফেরার পর লিফটে ক্ষণিকের সাক্ষাতে বাংলাদেশ অধিনায়কের কাছে গুল জানতে চাইলেন, ‘শেষ দিকে পেসার আনা উচিত ছিল। স্পিনার দিয়ে বল করালে কেন?’ মুশফিক নিরুত্তর।
পাকিস্তানের কাছেই যেখানে বিস্ময়, বাংলাদেশ তো আরও মানতে পারছে না এমন পরাজয়। তবে এই মানতে না পারায় ক্ষোভ-দুঃখের চেয়ে স্তম্ভিত ভাবটাই বেশি। ৩২৬ করেও জেতা না গেলে আর কবে জেতা যাবে! পুরো দল এর জন্য ভাগ্যকেই দায়ী করছে। কোচ শেন জার্গেনসেনও ভাগ্যকে দোষ দিয়েই চাঙা রাখতে চেষ্টা করেছেন খেলোয়াড়দের। পরশু ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনিও ক্রিকেটারদের চেষ্টার প্রশংসা করে বলেছেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। তোমরা ভালো খেলেছ।’ বাংলাদেশ ড্রেসিংরুমের আলোচনায় এসেছেন শহীদ আফ্রিদিও। সাকিব নাকি মজা করে বলছিলেন, ‘আফ্রিদি যখন ছক্কা মারে, মনে হয় মাথার এপাশ-ওপাশ দিয়ে গুলি যাচ্ছে।’
তীরে এসে অমন একটা ম্যাচ হারার দুঃখ শত সান্ত্বনাতেও দূর হওয়ার কথা নয়। মুশফিক কালও সেই দুঃখেই নিমজ্জিত ছিলেন। দুপুরের দিকে এক্স-রে করাতে অ্যাপোলো হাসপাতালে যাচ্ছিলেন। বললেন, ‘সবাই সুইমিং করেছে, জিম করেছে। খেলোয়াড়দের সঙ্গে একটা মিটিং ছিল। সেখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।’ গাড়িতে ওঠার সময় ‘এমন পরাজয়কে ইতিবাচকভাবেও নেওয়া যায় কি না’ জানতে চাইলে বিরক্তিই প্রকাশ করলেন একটু। তবে অন্য এক ক্রিকেটার বললেন, ‘আমরা ভালো খেলেও ভাগ্যের কাছে হেরে গেছি। নইলে ৩২৬ রান করেও পারব না কেন? তবে এই হারের পরও দলের সবাই ভালো আছে। আমরা তো এখন আর ও রকম দল নই যে একটা হারেই ভেঙে পড়ব।’
ওই ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তেই বলেছেন কথাটা। শুধু তিনি নন, সাকিব, রাজ্জাক, মুমিনুল—কাল আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি কোনো ক্রিকেটারই। পরে অবশ্য মিডিয়া ম্যানেজারের অনুমতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আগের দিনের সেঞ্চুরিয়ান এনামুল হক (বিজয়)। তার আগে রাজ্জাকের কাছে পাকিস্তান ম্যাচে তাঁর করা আলোচিত ৪৮তম ওভারটি নিয়ে জানতে চাইলে একটু ক্ষোভ নিয়ে বললেন, ‘১০ বছর খেলার পর আবার যেন অভিষেক ম্যাচ খেললাম...আমার সঙ্গে আর কী কথা বলবেন।’ রাজ্জাকের ক্ষোভের কারণটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ৪৮তম ওভারে ১৮ রান দিয়ে যে প্রতি মুহূর্তেই শুনতে হচ্ছে সমালোচনা!
ক্ষোভ, হতাশা, বিস্ময় মিলে বাংলাদেশ দলের ভেতরের হাওয়াটা এখন রাজ্জাকের মনের মতোই গুমোট। অন্যদিকে কালকের দিনটা ছুটির মেজাজে কাটানো পাকিস্তান দল আছে বেশ ফুরফুরে মেজাজে। দুপুরের দিকে সাঈদ আজমল আর মোহাম্মদ তালহা বেরিয়েছিলেন শপিংয়ে। অন্যরা হোটেলেই সময় কাটিয়ে বিকেলে শুধু সুইমিং করেছেন। পাকিস্তানের আর কী? তাদের তো এখন অপেক্ষা কেবল ৮ মার্চের ফাইনালের জন্য।