জেনিতে যোগ দিলেন হাল্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্তো আর বেনফিকা, পর্তুগিজ ক্লাব দুটির মধ্যে চিরকালীন শক্রতা। দুজন দুই ক্লাবে খেলতেন বলে ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বিতার রেশটা তাঁদের মধ্যেও ছিল। কিন্তু শত্রুতা ভুলে হাল্ক ও অ্যাক্সেল উইটসেল হয়ে গেলেন সতীর্থ। শত্রু থেকে তাঁদের সতীর্থ বানিয়ে দিল জেনিত সেন্ট পিটার্সবার্গ। পরশু বড় অঙ্কের চুক্তিতে পোর্তোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক এবং বেনফিকার বেলজিয়ান মিডফিল্ডার উইটসেল—দুজনকেই নিয়ে এসেছে রাশিয়ান ক্লাবটি।ধনকুবের সুলেমান কেরিমভ মালিকানা কেনার পর আনঝি মাখাচকালা এখন খুব ধনবান ক্লাব। রবার্তো কার্লোস ও স্যামুয়েল ইতোর মতো খেলোয়াড় এবং গাস হিডিঙ্কের মতো কোচ দলে ভিড়িয়েছে আনঝি। বর্তমান লিগ চ্যাম্পিয়ন জেনিতের আর্থিক সমর্থন দিয়ে যাচ্ছে বিশ্বখ্যাত প্রাকৃতিক গ্যাস কোম্পানি গ্যাজপ্রোম। ফলে ক্রমেই রাশিয়া হয়ে উঠছে ফুটবলারদের দুই হাতে অর্থ উপার্জনের বাজার।হাল্ক-উইটসেলকেও জেনিত দলে ভেড়াল টাকার জোরেই। এই দুজনকে নিতে ঢালতে হয়েছে আট কোটি ইউরো! হাল্কের সঙ্গে জেনিতের চুক্তিটা পাঁচ বছরের। তবে চুক্তির অঙ্কটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জেনিতেরই এক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার ডেইলি স্পোর্ট এক্সপ্রেস জানিয়েছে, হাল্কের জন্য তিন বছরে একাধিক কিস্তিতে পোর্তোকে চার কোটি ইউরো দেবে জেনিত। হাল্কের এজেন্ট আবার দাবি করেছেন, চুক্তিটা ছয় কোটি ইউরোর!উইটসেলের সঙ্গে চার কোটি ইউরোর চুক্তির কথাটা জেনিতই নিশ্চিত করেছে। অথচ ২০১১ সালে ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে পোর্টসমাউথ থেকে বেনফিকা নিয়ে এসেছিল মাত্র ৮০ লাখ ইউরো দিয়ে।হাল্ক-উইটসেলদের সঙ্গে রাশিয়ার যাত্রী লাসানা দিয়ারাও। রিয়াল মাদ্রিদ ছেড়ে ২৭ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার নাম লিখিয়েছেন আনঝি মাখাচকালায়। দিয়ারার সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত আর কিছুই জানায়নি মাখাচকালা। রাশিয়ার দলবদলের সময় আছে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আরও কী চমক অপেক্ষা করছে কে জানে! রয়টার্স, এএফপি।