জেনে নিন
এবারের চ্যাম্পিয়নস লিগে একমাত্র অপরাজিত দল ম্যানইউ (৯ জয়, ৩ ড্র)। বার্সেলোনার একমাত্র পরাজয়টি লন্ডনেই। এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে আর্সেনালের কাছে। ম্যানইউর ১৮ গোলের একটিও হেডে আসেনি। বার্সার মোট পাসের ৯০.৯ শতাংশই সঠিক গন্তব্যে গেছে। জাভি ১১০৩টি ও বুসকেটস ১০৩৫টি পাস দিয়েছেন। বার্সা গত ২০টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই গোল পেয়েছে। ওয়েম্বলিতে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনালটিতে জিতেছিল বার্সেলোনা। ১৯৯২ সালে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়াকে হারিয়েছিল অতিরিক্ত সময়ের একমাত্র গোলে। আজকের ফাইনালটি সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা-ম্যানইউ ১১তম লড়াই। দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। বার্সা জিতেছিল ইতো ও মেসির গোলে। আগের ১০ ম্যাচে দুই দল মোট গোল করেছে ৩১টি। আজ বার্সা জিতলে ১৩টি ট্রফি জিতে ইউরো-সাফল্যে স্প্যানিশ ক্লাবগুলো ছাড়িয়ে যাবে ইতালিয়ান ক্লাবগুলোকে। ১১টি ট্রফি জিতে খুব পিছিয়ে নেই ইংলিশরাও। মিগুয়েল মুনোজ ও মার্সেলো লিপ্পির পর তৃতীয় ম্যানেজার হিসেবে দলকে চারটি ফাইনালে তুললেন স্যার অ্যালেক্স ফার্গুসন। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার হ্যাটট্রিক করতে যাচ্ছেন লিওনেল মেসি। ১১ গোল হয়ে গেছে তাঁর, ফাইনালিস্ট দুই দলের খেলোয়াড়দের মধ্যে ‘কাছাকাছি’ আছেন বার্সার পেদ্রো ও ম্যানইউর হাভিয়ের হার্নান্দেজ (৪)। এবার ম্যানইউর পোস্টে ৩৫টি শটের ৩১টিই বাঁচিয়েছেন ডাচ গোলরক্ষক এডউইন ফন ডার সার।