জেব্রেসেলাসির স্বপ্নভঙ্গ
লন্ডন অলিম্পিকের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হয়েছেন ১০ হাজার মিটারে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হাইলে জেব্রেসেলাসি। গত পরশু নেদারল্যান্ডের হেঞ্জেলোতে তাঁরই ১২ জন স্বদেশির সঙ্গে লড়াইয়ে নেমে জেব্রেসেলাসি দৌড় শেষ করেছেন সাত নম্বরে থেকে। হেঞ্জেলোর এই দৌড়ই ছিল ইথিওপিয়ার অলিম্পিক বাছাইয়ের মঞ্চ। এর অর্থ, পঞ্চমবারের মতো অলিম্পিকে যাওয়ার স্বপ্নভঙ্গ হলো তাঁর।দূরপাল্লার এই দৌড়বিদ নিজেই বলেছেন, ‘লন্ডন গেমস আমার জন্য শেষ।’ তবে নিজের পারফরম্যান্সে সন্তুষ্টই চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জেব্রেসেলাসি, ‘শেষ ল্যাপটা পর্যন্ত আমি দারুণ দৌড়েছি। ভালোই লাগছিল আমার, কিন্তু সুস্পষ্টভাবেই আমি আমার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। এটাই জীবন। আমি হতাশ নই।’এত এত জয়ের মধ্যে তাঁর মহাকাব্যিক খ্যাতি পেয়েছে ২০০০ সিডনি অলিম্পিকে কেনিয়ান কিংবদন্তি পল টেরগাটকে হারিয়ে সোনা জেতাটা। দ্বিতীয় অলিম্পিক সোনাজয়ী এই দৌড়কে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা হিসেবে। তবে সেসবই এখন স্মৃতি। কারণ, পরশুর ব্যর্থতার মধ্যে হয়তো শেষ হয়ে গেল জেব্রেসেলাসির বর্ণাঢ্য ক্যারিয়ার। বয়স হয়ে গেছে ৩৯। বয়সের ভারটা বুঝতে পেরে চিরলড়াকু জেব্রেসেলাসিই বলেছেন, শেষবারের মতো ১০ হাজার মিটার দৌড়ানো হয়ে গেল, ‘আমার জুতা জোড়ার আর প্রয়োজন নেই। আমার বয়স ৩৯। আমি অলিম্পিকের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছি। আর ইথিওপিয়াও এখন শক্তিশালী একটা তরুণ প্রজন্ম পেয়ে গেছে। আমি পঞ্চমবারের মতো অলিম্পিকের যোগ্যতা অর্জনের চেষ্টা করেছি। সেটা না পারায় আমার দুঃখ নেই।’দীর্ঘদিন ধরেই ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়ের বাটনটা বয়ে বেরিয়েছেন। সেটা দেশের সোনালি প্রজন্মের হাতে রেখে যেতে পারছেন, এতেই তৃপ্ত জেব্রেসেলাসি, ‘মনকে শান্ত রেখেই আমি ট্র্যাক ছাড়তে পারছি। কারণ, অসাধারণ এক প্রজন্ম দায়িত্বটা তুলে নিয়েছে।’হেঞ্জেলোর দৌড়ে প্রথম ও দ্বিতীয় হয়ে ইথিওপিয়ার হয়ে লন্ডন অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন টারিকু বেকেলে এবং লেলেইসা ডেসিসা বেন্টি। উত্তরসূরিদের প্রতি অগাধ আস্থা রেখেই জেব্রেসেলাসি বলেছেন, ‘লন্ডনে ইথিওপিয়া থাকবে আরও শক্তিশালী।’ ১০ হাজার মিটারে আর না দৌড়ালেও ম্যারাথনটা চালিয়ে যাবেন। আর চাইছেন, তিন বছরের মধ্যে রাজনীতির ময়দানে নামবেন। এএফপি।