জেরার্ড-ফার্ডিনান্ড নেই ইংল্যান্ড দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেমনটা আশা ছিল, তত দ্রুত উন্নতি হচ্ছে না। স্টিভেন জেরার্ড নিজেই মনে করেন না, কুঁচকির চোট কাটিয়ে খেলার মতো অবস্থায় এসেছেন। রিও ফার্ডিনান্ড আবার হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে নিজেকে ফিট ঘোষণা করেছিলেন। কিন্তু ৭ অক্টোবর ইউরো ২০১২ বাছাইপর্বে মন্টেনেগ্রোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনের কাউকেই দলে রাখেননি ফ্যাবিও ক্যাপেলো। এই ম্যাচে ১ পয়েন্ট পেলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে ইংল্যান্ডের।আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওয়েস্টব্রমের বিপক্ষে ম্যাচে হামস্ট্রিংয়ের চোটটা বাঁধিয়েছেন ফার্ডিনান্ড। সুস্থ হয়ে গত সপ্তাহে স্টোক সিটি ও বাসেলের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন। কিন্তু গত শনিবার নরউইচ ম্যাচে ফার্ডিনান্ডকে নামানো হয়েছিল শেষ মুহূর্তে। ক্যাপেলোও তাই আর ঝুঁকি নিতে চাননি। অধিনায়ক জন টেরির সঙ্গে তাই সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন বোল্টনের গ্যারি কাহিল। তবে চোটের কারণে নরউইচের বিপক্ষে না খেলা উইঙ্গার অ্যাশলি ইয়াংকে আবার দলে রেখেছেন ক্যাপেলো!জায়গা হারিয়েছেন টটেনহাম ফরোয়ার্ড জার্মেইন ডিফো ও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জোলিওন লেসকট। ফিরেছেন ফুলহাম ফরোয়ার্ড ববি জামেরা ও গোলরক্ষক স্কট কারসন। ইংল্যান্ডের জার্সিতে একমাত্র ম্যাচটি জামেরা খেলেছিলেন গত বছরের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে। ওয়েইন রুনির সঙ্গে জুটি বাঁধতে জামেরাকে লড়াই করতে হবে অ্যান্ডি ক্যারল, ড্যারেন বেন্ট ও ড্যানি ওয়েলবেকের সঙ্গে।এদিকে তিন বছর পর ইতালি দলে ডাক পেয়েছেন আন্দ্রেয়া বারজাগলি। বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ইতালির জার্সিতে খেলার স্বাদটাই হয়তো ভুলে যেতে বসেছিলেন, সর্বশেষ খেলেন ২০০৮ সালের সেপ্টেম্বরে সাইপ্রাসের বিপক্ষে। ইউরো ২০১২ বাছাইপর্বে ৭ অক্টোবর বেলগ্রেডে সার্বিয়া ও চারদিন পর পেসকারায় আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে ইতালি। ৮ ম্যাচের ৭টিতে জয় ও ১টিতে ড্র নিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলেছে ইতালি। জয়ের ধারা ধরে রাখতে তবু তারকাদেরই দলে রেখেছেন কোচ সিজারে প্রানদেল্লি। একটি নতুন মুখ অবশ্য আছে—আটলান্টার হয়ে মৌসুমের শুরুতেই দুর্দান্ত খেলা মিডফিল্ডার লুকা সিগারিনি। এএফপি।