জেরার্ডকে হারালেন জেরার্ড
দুজনের বয়সে পাঁচ বছরের ব্যবধান। কিন্তু সেই ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি বন্ধুত্বে। মার্সিসাইডের রাস্তায় একসঙ্গেই ফুটবল খেলে বেড়ে ওঠা। হয়তো কোনো কোনো দিন কোনো ম্যাচকে ধরে নিয়েছেন কাপ ফাইনাল, তারপর মুখোমুখি হয়েছেন দুজনে। শৈশবের সেই ছবিটাই ফিরে এল পরশু। কার্লিং কাপের ফাইনালে মুখোমুখি হলেন স্টিভেন আর অ্যান্থনি জেরার্ড!আপন ভাই নন। চাচাতো ভাই। পাশাপাশিই বাড়ি। লিভারপুলের হিউটন ডিস্ট্রিক্টের আইরনসাইড রোডের ধুলা-রোদ-বৃষ্টি মেখেই বড় হওয়া। কিন্তু শৈশবেই গতিপথ আলাদা হয়ে গিয়েছিল দুজনার। স্টিভেনকে খুঁজে নিয়েছিল লিভারপুল এফসির স্কাউট, অ্যান্থনিকে লিভারপুলেরই আরেক ক্লাব এভারটন। লিভারপুলেই বিখ্যাত হয়েছেন মিডফিল্ডার স্টিভেন, এখানে-ওখানে ঘুরে কার্ডিফ সিটি ঠিকানা হয়েছে ডিফেন্ডার অ্যান্থনির।কাকতালীয় বলতে পারেন, পরশু ফাইনালটিতেই প্রথম কোনো ম্যাচে মুখোমুখি হলেন দুই ভাই। স্টিভেন তো আর্মব্যান্ড পরেই নেমেছিলেন, অ্যান্থনি নামলেন অতিরিক্ত সময়ের নবম মিনিটে। নাটকীয় ফাইনালে একসময় পর্যন্ত মনে হচ্ছিল, অ্যান্থনিই হাসবেন বিজয়ীর হাসি। একসময় মনে হলো, স্টিভেন। শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে খেলা গড়াল টাইব্রেকারে। কী আশ্চর্য দেখুন, পেনাল্টি শ্যুট-আউটের প্রথম শটটা মিস করলেন স্টিভেন। দশম অর্থাৎ শেষ শট মিস করলেন অ্যান্থনি! কিন্তু শেষ পর্যন্ত স্টিভেনই হাসলেন বিজয়ীর হাসি। কারণ, লিভারপুলের দুই খেলোয়াড় বল জালে ঢোকাতে পারেননি, কার্ডিফ সিটির তিনজন! শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হলো স্টিভেনেরই। ইংলিশ ফুটবলের তীর্থভূমি ওয়েম্বলিতে ক্লাবের হয়ে এর আগে কখনো ফাইনাল খেলা হয়নি। সেটা তো খেললেনই, ট্রফিও উঁচিয়ে ধরলেন। অবশ্য ভাইয়ের জন্য যে খারাপ লাগছে, সেটি জানাতেও ভুললেন না। কার্ডিফ সিটির ফাইনাল পর্যন্ত আসাই তো বিরাট এক জয়। এএফপি।‘আমাদের মধ্যে একজন দুঃখ করবে, একজন উৎসব—এটা তো হতোই। এই মুহূর্তে আমার অনুভূতি মিশ্র। তবে অ্যান্থনি আর কার্ডিফের জন্য খারাপ লাগছে’—বলেছেন তৃতীয় লিগ কাপ জেতা জেরার্ড। টাইব্রেকারে হারার কষ্টের চেয়ে বড় কষ্ট যে নেই, সেটিও মানছেন ‘বড় ভাই’। নিজে এগিয়ে গিয়ে অ্যান্থনিকে সান্ত্বনা দিলেন ম্যাচ শেষেও, ‘পেনাল্টিতে হারা সব সময়ই নিষ্ঠুর। তবে কাউকে না কাউকে তো হারতেই হবে। কার্ডিফ কিন্তু আজ খেলেছেও দুর্দান্ত।’