জেরার্ডের প্রতিজ্ঞা মরিনহোর উদ্বেগ
স্টিভেন জেরার্ডের লিভারপুলকে খাদের কিনারা থেকে টেনে তোলার প্রতিজ্ঞা। কার্লোস তেভেজের চেলসিকে পিষ্ট করার সংকল্প। রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর ঠাসা সূচি নিয়ে দুশ্চিন্তা। আর বার্সেলোনার লিওনেল মেসির চোট নিয়ে ভাবনা। ইউরোপিয়ান লিগের আজকের দিনটি শুরু হচ্ছে এসব নিয়েই। ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল ৫টি করে ম্যাচ হয়েছে। শিরোপা জয় বা অবনমন নিয়ে এখনই কথা বলাটা বাড়াবাড়ি। তবে লিভারপুলের মতো দল ৫ ম্যাচ শেষে ১৬ নম্বরে থাকলে তাদের নিয়ে তো আলোচনা হবেই। এর ওপর কার্লিং কাপে নর্দাম্পটনের কাছে হেরে যাওয়া মিলিয়ে চারদিকে বলাবলি হচ্ছে খাদের কিনারায় চলে গেছে লিভারপুল। ‘অল রেড’দের আইকনিক খেলোয়াড় জেরার্ডও সেটা মানছেন। দলকে এ অবস্থা থেকে মুক্তি দিতে চান। কাজটা তিনি শুরু করতে চান আজ ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘দলের সবার মনোবলই এখন ভঙ্গুর। আমার মতো খেলোয়াড়দের কাজ হচ্ছে সবাইকে চাঙা করা। আমি সবাইকে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য মনোযোগী করে তুলতে চাই’—বলেছেন জেরার্ড। তেভেজের প্রতিজ্ঞা আবার অন্যরকম। তাঁর দল ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আজ পুরো ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসি। গত প্রিমিয়ার লিগের দুটি ম্যাচেই চেলসিকে হারিয়েছিল ম্যান সিটি। দুই ম্যাচে ৩ গোল করেছিলেন তেভেজ। এবারও চেলসিকে এমন কিছুই উপহার দেওয়ার সংকল্প আর্জেন্টাইন স্ট্রাইকারের। স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আজ লেভান্তে। লেভান্তে রিয়ালের জন্য বড় কোনো প্রতিপক্ষ নয়। এ নিয়ে তেমন ভাবছেনও না রিয়াল কোচ মরিনহো। গত ১৪ দিনে রিয়ালকে ৫টি ম্যাচ খেলতে হয়েছে। তাঁর যত দুশ্চিন্তা ঠাসা এই সূচি নিয়ে। ‘দল এখন খুব ক্লান্ত’—বলেছেন মরিনহো।বার্সার প্রতিপক্ষও কঠিন নয়, অ্যাথলেটিক বিলবাও। তবে তাদের ভাবনার কেন্দ্রে মেসির চোট আর রুবিন কাজানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। বুধবার কাজানের বিপক্ষে ম্যাচের আগে মেসি ফিট হয়ে উঠবেন বলে আসা বার্সেলোনার। এরই মধ্যে জিম শুরু করে দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে আজ বড় ম্যাচ আছে। ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে এএস রোমা। এএফপি, ওয়েবসাইট।