জেলা প্রশাসকের অন্য সুর!
অবশেষে সুর পাল্টালেন নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজুল ইসলাম। দাবি করলেন, স্টেডিয়ামে ঢুকলে খেলোয়াড়দের গ্রেপ্তার করা হবে বলে হুমকি তিনি দেননি। জেলার অ্যাথলেট ও খেলাধুলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি!নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া নিয়ে খেলোয়াড়দের প্রতিবাদ এবং এ বিষয়ে জেলা প্রশাসকের বিভিন্ন হুমকি-ধমকির খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে গত বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) বরাবর দেওয়া ব্যাখ্যায় জেলা প্রশাসক এসব দাবি করেন।জেলা প্রশাসকের গোপনীয় শাখা থেকে প্রেরিত ওই ব্যাখ্যা পরে নোয়াখালী জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই দিন (বুধবার) জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দপ্তর থেকে স্মারক নং জাক্রীপ/ক্রীড়া/১১১১ এবং তৎসঙ্গে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং সংযুক্ত করে সংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়ার পরই তিনি এই ব্যাখ্যা দেন।ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে মুঠোফোনে এখন থেকে খেলোয়াড়দের স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ আছে কি না—জানতে চাইলে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম শুধু বলেন, ‘আমি যা বলার ব্যাখ্যাতেই বলে দিয়েছি।’এদিকে ক্রীড়া পরিষদকে দেওয়া জেলা প্রশাসকের ব্যাখ্যা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং খেলোয়াড়েরা। সবার দাবি, জেলা প্রশাসক তাঁর ব্যাখ্যায় সত্যকে গোপন করেছেন। জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ২৬ এপ্রিল জেলা ক্রীড়া সংস্থার সভায় জেলা প্রশাসক তাঁর সিদ্ধান্ত অন্য সদস্যদের ওপর চাপিয়ে দিয়েছেন। মেলা আয়োজনের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে দাবি করলেও বাস্তবতা হলো, সভায় তিনিসহ কয়েকজন সদস্য মেলার বিরোধিতা করে স্টেডিয়াম খেলোয়াড়দের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছিলেন।তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক ওই দিন সভার শুরুতেই মেলার বিরুদ্ধে খেলোয়াড়দের মানববন্ধনের সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং সভায় ঘোষণা করেন, খেলোয়াড়দের বিনা অনুমতিতে স্টেডিয়ামে ঢুকলে গ্রেপ্তার করা হবে। তখনো আমরা তাঁর ওই বক্তব্যের প্রতিবাদ করেছি। কিন্তু তিনি ক্রীড়া পরিষদে দেওয়া তাঁর ব্যাখ্যায় এসব এড়িয়ে গেছেন।’