জেলিবিন থেকে ভ্যাসলিন!
চার বছর আগে ছিল জেলিবিন। এবার ভ্যাসলিন। আবারও অদ্ভুত বিতর্কে ট্রেন্টব্রিজ টেস্ট। ২০০৭ সালে ট্রেন্টব্রিজ টেস্টে জহির খানের ব্যাটিংয়ের সময় উইকেটে জেলিবিন ছুড়ে দিয়েছিলেন ইংলিশ ফিল্ডাররা। সে সময় এটা নিয়ে হইচই হয়েছিল অনেক। ক্রিকেট ইতিহাসে যেটি কুখ্যাত হয়ে আছে ‘জেলিবিন বিতর্ক’ হিসেবে। এবারের ভ্যাসলিন বিতর্কের সূত্রপাত মাইকেল ভনের মাধ্যমে, ‘জেলিবিন’ টেস্টে যিনি ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। চলতি টেস্টের দ্বিতীয় দিনে ডিআরএসের সৌজন্যে লক্ষ্মণ বেঁচে যাওয়ার পরপরই ভনের টুইট, ‘ব্যাটের কোনায় থাকা ভ্যাসলিনই কি বাঁচিয়ে দিল লক্ষ্মণকে?’ঘটনা ইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের। জেমস অ্যান্ডারসনের বলে আম্পায়ার আসাদ রউফ কট বিহাইন্ডের আবেদনে সাড়া না দিলে রিভিউ আবেদন করেন অ্যান্ড্রু স্ট্রাউস। বল ব্যাটকে অতিক্রম করার সময় স্পষ্ট একটা শব্দ শোনা যায়, কিন্তু হটস্পটে ধরা পড়েনি কিছুই। ব্যাটে তো বটেই, হটস্পট দেখায় লক্ষ্মণের প্যাডে বা শরীরের কোথাও লাগেনি বল। শব্দটা তাহলে কিসের? তবে ভনের ‘ভ্যাসলিন তত্ত্ব’ মনে হয় হালে বেশি পানি পাবে না। কারণ ইংলিশ ক্রিকেটাররাও এটা বিশ্বাস করছেন না। রিভিউয়ের পরপরই ব্রড এগিয়ে গিয়ে লক্ষ্মণের ব্যাট দেখেছিলেন। ‘হ্যাটট্রিক হিরো’ দিন শেষে জানান ভ্যাসলিন বা এ জাতীয় কিছু পাননি, ‘একটু খুঁতখুঁতে লাগছিল দেখে আমি ওর ব্যাটের কানা খেয়াল করে দেখলাম। ভ্যাসলিন বা তরল জাতীয় কিছু ছিল না। সমস্যাটা আসলে হটস্পটের, সূক্ষ্মভাবে ব্যাট ছুঁয়ে গেলে এতে সেটা ধরা পড়ে না।’ইংলিশ ক্রিকেটারদের মূল অভিযোগ ওই হটস্পট নিয়েই। ম্যাচের প্রথম দিনও লক্ষ্মণের মতোই ঠিক একই ঘটনা ঘটেছিল রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে। হটস্পট নিয়ে সংশয়টা তাই খোলাখুলিই জানিয়েছেন ব্রড, ‘আমরা সবাই ভেবেছিলাম, বল লক্ষ্মণের ব্যাটের কানা ছুঁয়েছে কিন্তু হটস্পটে সূক্ষ্ম আঁচড়গুলো ধরা পড়ে না। আমার ধারণা, এটা হটস্পটের বড় একটা খুঁত। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ব্যাটে না লাগলে বল লাগল কোথায়!’হক-আই বা বল ট্র্যাকিং পদ্ধতির কার্যকারিতায় ভারতের সন্দেহের পরিপ্রেক্ষিতে এর ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। চলতি সিরিজে তাই ডিআরএসের অর্ধেক ব্যবহার হচ্ছে। এলবিডব্লুর ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায় না, যে জন্য ভুগতে হয়েছে দুই দলকেই। হটস্পটকে সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রযুক্তি মনে করা হয় বলেই শুধু এর ব্যবহার রাখা হয়েছে। কিন্তু হটস্পটের নির্মাতা প্রতিষ্ঠান আগেই জানিয়েছিল, এটি কখনোই শতভাগ নিশ্চয়তা দিতে পারবে না। শুধু তা-ই নয়, আবহাওয়ার তারতম্যেও অনেক সময় এর কার্যকারিতা প্রভাবিত হয়। আবার শুদ্ধতা সব দিন একই রকম থাকে না। সব মিলিয়ে হটস্পটও এখন সন্দেহের ঘেরাটোপে! ওয়েবসাইট।