জেলে যেমন আছেন বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটকে কলঙ্কিত করেছেন। আইন ভেঙেছেন। হূদয় ভেঙেছেন অসংখ্য ভক্ত, ক্রিকেটপ্রেমী আর দেশবাসীর। এখন ভেঙে পড়েছেন সালমান বাট নিজেই। এইচএমপি কেন্টারবুরি জেলে ভগ্নহূদয় সালমানের দিন কাটছে মুক্তির দিন গুনে। ‘ঘরের’ খবর বাইরে এসেছে সম্প্রতি ‘ঘর’ থেকে বের হওয়া একজনের সৌজন্যে। কেন্টারবুরি জেলে বাটের সদ্য সাবেক সতীর্থ মোহাম্মদ আসিফ জানিয়েছেন, জেলে প্রচণ্ড মনঃকষ্টে আছেন তাঁর সাবেক অধিনায়ক।এক বছরের সাজার অর্ধেক কাটিয়ে গত বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়েছেন আসিফ। এখনো অবশ্য ইংল্যান্ডেই আছেন, নিজেকে নিষ্কলুষ প্রমাণ করার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের একটি দৈনিকের সঙ্গে টেলিফোন কথোপকথনে বাটের অবস্থা জানালেন নিষিদ্ধ পেসার, ‘জেলে তিন মাস আমি আর সালমান একই রুমে ছিলাম। ছাড়া পাওয়ার দিন ও আমাকে শুভকামনা জানিয়েছে। ও খুবই একাকিত্বে ভুগছে, আমার ছাড়া পাওয়ার দিন প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল। মাঝেমধ্যেই ও খুব ভেঙে পড়ে। কাতর হয়ে অপেক্ষা করে মুক্তির দিনের।’ কেন্টারবুরি জেলে একই দেশের দুজন বিদেশি বন্দীকে একসঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়। তাঁদের এই প্রস্তাব দেওয়া মাত্র দুজনই রাজি হয়ে যান, ‘ওই জেলে মুসলমান খুব কমই আছে। আমাদের দুজনকে তাই একসঙ্গে থাকার প্রস্তাব দেওয়া হয়। আমরা সুযোগটা লুফে নিই। অমুসলমান রুমমেট হলে আমাদের জেলজীবন হয়তো আরও কঠিন হয়ে যেত।’জেলে যাওয়ার আগে জেলের দুই রুমমেট মুখোমুখি হয়েছিলেন আদালতে। স্পট ফিক্সিং কেলেঙ্কারির বিচারকাজ চলার সময় আদালতে বাটের ওপরই দায় চাপিয়েছিলেন আসিফ। বাট অস্বীকার করেছিলেন অভিযোগ। তবে কাঠগড়ার দুই ‘শত্রু’ নাকি আবার বন্ধু হয়ে গিয়েছিলেন জেলে গিয়ে, ‘আমাদের ভেতর কোনো অস্বস্তি ছিল না। সম্পর্ক ভালোই ছিল। জেলে আমাদের দুজনকেই জিম প্রশিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা একসঙ্গে ব্যাডমিন্টন ও ফুটবল খেলেছি।’বাটের সঙ্গে আবার প্রতি মাসেই দেখা করতে ইংল্যান্ড যান তাঁর মা, স্ত্রী গুল ও বড় ছেলে। তবে ছয় মাসের জেলজীবনে আসিফকে দেখতে যাননি পরিবারের কেউ বা কোনো আত্মীয়। ফোনে অবশ্য নিয়মিতই কথা হতো পরিবারের সঙ্গে। জেল থেকে বেরিয়ে তাঁর মনও চলে গেছে পাকিস্তানে। তবে শিগগিরই ফেরার সম্ভাবনা কম। আইনজীবীদের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন লড়াইয়ের, ‘আমার কুশলী আইনজীবীরা আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমার দৃঢ়বিশ্বাস, নিজেকে নিষ্কলুষ প্রমাণ করতে পারব।’ ওয়েবসাইট।