জোকোভিচকে বধিল যে

পরশু রাতে স্যাম কোয়েরির উইকিপিডিয়া পেজে যোগ হলো নতুন এক তথ্য। পরিবর্তনটি এসেছে প্রথম পরিচ্ছদেই, যুক্তরাষ্ট্রের এই টেনিস খেলোয়াড় সম্পর্কে প্রাথমিক একটি ধারণা দেওয়ার পরই লেখা, ২০১৬ সালের ২ জুন উইম্বলডনের তৃতীয় রাউন্ডে নোভাক জোকোভিচকে হারিয়েছেন তিনি।
পরশু বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৪১তম কোয়েরির কাছে হেরে গেছেন বিশ্বসেরা জোকোভিচ। কতটা অপ্রত্যাশিত এ জয়, সেটি অ্যান্ডি রডিকের টুইটেই পরিষ্কার, ‘এ জন্যই খেলা হচ্ছে সেরা রঙ্গমঞ্চ।’
আসলেই! গ্র্যান্ড স্লামে যে খেলোয়াড়ের সর্বোচ্চ সাফল্য চতুর্থ রাউন্ড, সেই কোয়েরির কাছে ১২টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচের হার কে ভাবতে পেরেছিল! ২৮ বছর বয়সেও যে কোয়েরির কাছে টেনিস এক দ্বিধার নাম, ‘এক দিন মনে হয় পেশাদার হব, আবার হারলেই মনে হয়, কলেজে ফিরে যাই!’
প্রতিক্রিয়া শুনে মনে হচ্ছে সেই দ্বিধা বোধ হয় এবার কাটবে, ‘এ পর্যায়ে, উইম্বলডনে এসে নোভাককে হারানো, যে পাঁচ বছর ধরে এমন ফর্মে আছে; অবশ্যই ক্যারিয়ারের সেরা জয়।’ ম্যাচে ৩১টি এইস মেরেছেন। সার্ভিসই সব সময়ই তাঁর বড় শক্তি। ২০০৭ সালে এক ম্যাচে টানা ১০টি এইস মারার রেকর্ড তাঁর। জোকোভিচ ম্যাচ শেষে বললেন, ‘স্যাম দারুণ এক ম্যাচ খেলেছে। সে ছিল আজ ভয়ংকর, আমাকে পুরোপুরি বশ করে রেখেছিল।’
জয়ের ইঙ্গিত আগের দিনই মিলছিল। শুক্রবার বৃষ্টি খেলা থামিয়ে দেওয়ার আগেই প্রথম দুই সেট হেরে গিয়েছিলেন জোকোভিচ। এমন একটা অর্জনের সামনে দাঁড়িয়েও কোয়েরির কোনো হেলদোল ছিল না। দ্বৈতসঙ্গী স্টিভ জনসন যেমন বললেন, ‘স্যাম হলো স্যাম। সে লকার রুমে রসিকতা করছিল, গলফ খেলছিল; আরে ভাই, তুমি জোকোভিচের সঙ্গে দুই সেটে এগিয়ে আছ!’ এএফপি।