জোকোভিচের ভুলের 'সেঞ্চুরি'
সেঞ্চুরিটা রেললাইনের ওপারে করলেই পারতেন নোভাক জোকোভিচ। তাহলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের লাখ খানেক দর্শকের অভিবাদন পেতেন বিশ্বসেরা টেনিস খেলোয়াড়। কিন্তু কাল জোকোভিচ ‘সেঞ্চুরি’ করলেন রড লেভার অ্যারেনায়, রেললাইনের এপারের টেনিস কোর্টে। ‘সেঞ্চুরি’ করলেন ভুলের। কাল অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ঠিক ১০০টি আনফোর্সড এরর করেও অবশ্য বেঁচে গেছেন সার্বিয়ান তারকা। ফ্রান্সের জাইলস সিমনকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে।
৪ ঘণ্টা ৩২ মিনিটের লড়াই শেষে জোকোভিচ জিতেছেন ৬-৩, ৬-৭ (১/৭), ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে। এই জয়ে গ্র্যান্ড স্লামে টানা ২৭তম বারের মতো শেষ আটে উঠে ছুঁয়েছেন জিমি কনর্সকে। টানা কোয়ার্টার ফাইনাল খেলার এই রেকর্ডে জোকোভিচ-কনর্সের ওপরে আছেন শুধু রজার ফেদেরার (৩৬)।
ম্যাচ শেষে হাঁফ ছেড়ে বাঁচার স্বস্তিই ঝরেছে জোকোভিচের কণ্ঠে, ‘এটা বুঝতে পেরে ভালো লাগছে যে আজ আমি যেভাবে খেলেছি তার চেয়ে বাজে খেলা আর সম্ভব নয়। ম্যাচ জিতে অবশ্যই ভালো লাগছে, তবে পারফরম্যান্সের হিসেবে বলব মোটেই ভালো খেলিনি।’
জোকোভিচকে কাল সবচেয়ে বেশি ভুগিয়েছে ড্রপ শট। এতটাই যে জোকোভিচের এক ভক্ত তো দর্শকসারি থেকে চিৎকার করে বলেই ফেললেন, ‘দয়া করে আর ড্রপ শট মেরো না’! জোকার জোকোভিচ রসিকতা করতে ছাড়েননি এটি নিয়েও। কোর্টের পাশে দাঁড়িয়ে উত্তরও দিয়ে দিলেন, ‘বলতে খারাপ লাগছে, তবে আপনি ঠিক বলেছেন।’
ভুলের সেঞ্চুরি পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠে জোকোভিচ সামনে পেয়েছেন সাত নম্বর বাছাই কেই নিশিকোরিকে। জাপানি তারকা কাল ৬-৪, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন নবম বাছাই ফ্রান্সের জো-উইলফ্রিড সোঙ্গাকে। কাল শেষ আট নিশ্চিত করেছেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরারও। সুইস মহাতারকা চতুর্থ রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন বেলজিয়ামের ডেভিড গফিনকে। কোয়ার্টার ফাইনালে ফেদেরারের মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ।
কাল নিশ্চিত হয়েছে মেয়েদের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার মহারণেরও। শেষ ষোলোতে সেরেনা ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার মার্গারিতা গাসপারিয়ানকে, শারাপোভা সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে হারিয়েছেন ৭-৫, ৭-৫ গেমে। কোয়ার্টার ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কা ও দশম বাছাই কার্লা সুয়ারেজ নাভারোও। এএফপি, রয়টার্স।