জোকোভিচের সামনে 'বন্ধু' মারে

কিছুটা অদ্ভুতই বলতে হবে। যিনি হারলেন, তিনি বলছেন, হারের পেছনে চোটের কোনো ভূমিকা নেই। কিন্তু যিনি জিতলেন, তিনি বলছেন, প্রতিপক্ষের চোটটা তাঁর জয়ে সুবিধা করে দিয়েছে!
পরাজিতের নাম মিলোস রাওনিচ। বিজয়ী অ্যান্ডি মারে। ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনাল।
মেলবোর্ন পার্কে কাল চার সেটজুড়ে মারের সঙ্গে সমানতালে লড়ে গেছেন রাওনিচ। কিন্তু শেষ সেটে এসে একেবারেই হারিয়ে গেলেন ২৫ বছর বয়সী কানাডিয়ান। প্রতিদ্বন্দ্বিতামুখর ম্যাচে তাঁকে ৪-৬, ৭-৫, ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-২ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন মারে। যেখানে অপেক্ষা করছেন চেনা প্রতিপক্ষ—এই মুহূর্তে পুরুষ টেনিসে অজেয় নাম নোভাক জোকোভিচ!
এই ম্যাচের আগের ছয়বারের সাক্ষাতে মারে-রাওনিচ দুজনেরই জয় ছিল তিনটি করে। কালও দুজনের মধ্যে যেন ছিল একই প্রতিজ্ঞা—বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী! এক সেট রাওনিচ, তো পরের সেট মারে—প্রথম চার সেটে ম্যাচের ভাগ্য দুলেছে পেন্ডুলামের মতো। প্রথম সেটটা মারের সার্ভিস ভেঙে ৬-৪-এ জিতে নেন রাওনিচ। দ্বিতীয় সেটের শেষ গেমে আবার রাওনিচকে একই স্বাদ দেন মারে। র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে থাকা কানাডিয়ানের সার্ভ ব্রেক করে ম্যাচে সমতা ফেরান মারে।
তৃতীয় সেটে আবারও এগিয়ে যান রাওনিচ। যদিও সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়তে হয়েছে তাঁকে। ৬-৬ গেমে সমতায় থাকায় সেটটি গড়ায় টাইব্রেকারে। তাতে মারেকে ৭-৪-এ হারিয়ে দেন রাওনিচ। কিন্তু এটাই যেন জাগিয়ে দেয় র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা মারেকে। চতুর্থ সেটটা জিতে নেন তিনি।
টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি সেট খেলতে হলো মারেকে। ক্লান্ত হয়ে পড়ার কথা তো তাঁরই। কিন্তু উল্টো ক্লান্তি পেয়ে বসে রাওনিচকে। নাকি কুঁচকির চোটটাই ভোগাচ্ছিল তাঁকে? ম্যাচ শেষে প্রশ্নটা করা হয়েছিল সরাসরিই। রাওনিচ বলেছেন, ‘না, চোট নিয়ে ভাবছিলাম না।’ তবে হারের হতাশাটা লুকোতে পারেননি, ‘সম্ভবত কোর্টে এর চেয়ে বেশি মন খারাপ করা মুহূর্ত আমার জীবনে আর আসেনি। কিন্তু খেলাটা তো এমনই।’
জেতার পর মারে অবশ্য বলেছেন, ‘পঞ্চম সেটে সে (রাওনিচ) আসলেই কিছুটা ধীর হয়ে গিয়েছিল। ওর জন্য দুর্ভাগ্যজনক। এতে আমারই লাভ হয়েছে। তবে আমি ওসব নিয়ে ভাবিনি। নিজের খেলাটা খেলেছি।’
রাওনিচ অবশ্য গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু আনফোর্সড এরর করেছেন। এত এত গ্র্যান্ড স্লাম খেলা মারে আর সেই সুযোগ হাতছাড়া হতে দেননি। নিজের কাজটা ঠিকই গুছিয়ে নিয়ে পঞ্চম সেটটি জিতে নেন ৬-২ গেমে।
এ নিয়ে মোট পাঁচবার আর টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন মারে। আগের চারবারই হেরেছেন, তিনবারই ফাইনালের প্রতিপক্ষ নোভাক জোকোভিচের কাছে। দুজনের বয়সের ব্যবধান মাত্র এক সপ্তাহ। দুজন একসময় প্রশিক্ষণও নিয়েছিলেন একসঙ্গে। কিন্তু ফাইনালে সেই বন্ধুতা কি আর থাকে! তবে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম শিরোপা জিততে মারেকে মনে হয় ভাগ্যের সহায়তাও পেতে হবে খুব করে। সনি-ইএসপিএন।