জোড়াতালির কোর্টে বাস্কেটবল
এখানে-সেখানে ভাঙাচোরা কাঠ, জোড়াতালি দিয়ে আটকানো। উডেনফ্লোরের সেই কাঠের ওপর নতুন করে রং করা হয়েছে। অনেক কাঠে ঘুণ ধরেছে। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামের এমন ভয়ংকর কোর্টে খেলতে ভয় পাচ্ছেন খেলোয়াড়েরা। যেকোনো সময় কাঠের গর্তে পা পড়ে যেতে পারে যে কারও। রয়েছে বড় রকমের চোটের শঙ্কাও।
এত সব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই কাল থেকে শুরু হয়েছে সিটিসেল থ্রি অন থ্রি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। অনেকটা বাধ্য হয়েই নাকি এমন কোর্টে খেলা চালিয়ে যাচ্ছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার, ‘এমন ভাঙাচোরা কোর্টে খেলাধুলা চালানো খুবই কষ্টকর। তবু আমরা খেলা রেখেছি। এর আগে সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মাত্র একবার আর্থিক সাহায্য পেয়েছি। এখন কোর্টের বড় ধরনের সংস্কার প্রয়োজন।’ জাতীয় দলের অধিনায়ক রাশেদুজ্জামানের শঙ্কা খেলোয়াড়দের চোট নিয়ে, ‘এই কোর্ট খেলার একেবারেই অনুপযুক্ত। তবু আমরা সাবধানে খেলছি। এভাবে ম্যাচে শতভাগ দেওয়া সম্ভব না। লিগে বিদেশি খেলোয়াড় এলে হয়তো বড় দুর্ঘটনাও ঘটতে পারে।’
কালকের খেলায় জিতেছে সেনাবাহিনী, ঢাকা গ্ল্যাডিয়েটরস, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, দি গ্রেগস, বিকেএসপি, ধূমকেতু, শাওনস ও রেইথস।