জোকারের কোচ বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছর আগের ছবি এটি। ক্যালিফোর্নিয়ায় প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে রানারআপ হয়ে যাঁর কাছ থেকে ট্রফি নিচ্ছেন জোকোভিচ, সেই বরিস বেকারই এখন তাঁর কোচ  ফাইল ছবি
ছয় বছর আগের ছবি এটি। ক্যালিফোর্নিয়ায় প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে রানারআপ হয়ে যাঁর কাছ থেকে ট্রফি নিচ্ছেন জোকোভিচ, সেই বরিস বেকারই এখন তাঁর কোচ ফাইল ছবি

ধারাটা শুরু হয়েছিল অ্যান্ডি রডিকের হাত ধরে। মার্কিন টেনিস তারকা গুরু মেনেছিলেন টেনিস কিংবদন্তি জিমি কনর্সকে। কনর্সকে কোচ পেয়েও পতনের ধারাটা থামাতে পারেননি রডিক। তবে তাঁর দেখানো পথে হেঁটে ঠিকই সফল অ্যান্ডি মারে। আরেক কিংবদন্তি ইভান লেন্ডলকে কোচ বানিয়েই ভাগ্য বদলেছেন ব্রিটিশ টেনিস তারকা। গত বছর পুরুষ টেনিসে ব্রিটিশদের ৭৬ বছরের গ্র্যান্ড স্লাম-খরা ঘোচানোর পর এবার উইম্বলডনটাও জিতেছেন। প্রতিদ্বন্দ্বীকে দেখে উজ্জীবিত হয়েই হয়তো নোভাক জোকোভিচও শরণ নিলেন সাবেক এক গ্রেটের। ‘জোকার’ জোকোভিচ কাল তাঁর প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছেন বরিস বেকারের নাম।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হ্যাটট্রিক করলেও গ্র্যান্ড স্লামভাগ্যটা তেমন ভালো ছিল না জোকোভিচের। ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে বিদায়, এরপর উইম্বলডন ও ইউএস ওপেনে টানা দুটি ফাইনালে হার। বছর শেষের ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপটা জিতলেও র‌্যাঙ্কিং-শ্রেষ্ঠত্বটা ছেড়ে দিতে হয়েছে রাফায়েল নাদালকে। ছয়টি গ্র্যান্ড স্লামজয়ী বেকারের সাহচর্যে নিজেকে আরও শাণিত করবেন, নিয়ে যাবেন অন্য উচ্চতায়, এই উদ্দেশ্যেই কাল নিজের ওয়েবসাইটে নতুন কোচের নাম ঘোষণা জোকোভিচের, ‘বরিসের সঙ্গে কাজ করার সুযোগে আমি সত্যিই দারুণ রোমাঞ্চিত। সে সত্যিকারের এক কিংবদন্তি। টেনিসে তাঁর অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা আমাকে গ্র্যান্ড স্লাম ও অন্যান্য আরও নতুন ট্রফি জিততে সাহায্য করবে। ’
৪৬ বছর বয়সী জার্মান বরিস বেকার স্থলাভিষিক্ত হচ্ছেন জোকোভিচের দীর্ঘদিনের কোচ মারিয়ান ভাইদার। তবে স্লোভাকিয়ান কোচ ভাইদাকে বাদ দিচ্ছেন না জোকোভিচ, রাখছেন কোচিং দলে। এই দলে আরও আছেন মিলিয়ান আমানোভিচ ও গেবহার্ড ফিল-গ্রিটশ।
আসছে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই শুরু হচ্ছে বেকার-জোকোভিচ মেলবন্ধন। জোকোভিচের কোচ হতে পেরে খুশি বেকারও, ‘আমি গর্বিত, নোভাক আমাকে তাঁর কোচ হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টাই করব যাতে সে লক্ষ্য পূরণ করতে পারে। আমি নিশ্চিত একসঙ্গে আমরা অনেক বড় কিছু করতে পারি।’
গ্র্যান্ড স্লামের ফাইনালে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই মারের কোচ লেন্ডলকে হারিয়েছেন বেকার। এবার দেখা যাক কোচ হিসেবেও লেন্ডলকে ছাড়িয়ে যেতে পারেন কি না সবচেয়ে কম বয়সে উইম্বলডন জেতা জার্মান তারকা। এএফপি, রয়টার্স।