জোকোভিচ, ফেদেরারের দিন
রাজকীয় জয় দিয়েই রাজকীয় অতিথিকে সম্মান জানালেন রজার ফেদেরার। পরশু ৪০ বছর পর অল ইংল্যান্ড ক্লাবে আসেন প্রিন্স চার্লস। সঙ্গে ছিলেন স্ত্রী ক্যামিলাও। তাঁরা এসেছিলেন ফেদেরারের খেলা দেখতেই। ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক হতাশ করেননি তাঁদের। ইতালির ফ্যাবিও ফগনিনিকে ৬-১, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও। বর্তমান চ্যাম্পিয়ন ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন যুক্তরাষ্ট্রের রায়ান হ্যারিসনের বিপক্ষে। গত দুই দিনের পুরুষ একক কোনো অঘটন দেখেনি। তবে অঘটনের প্রত্যাশীদের ‘প্রত্যাশা’ মিটিয়েছে মহিলা একক। পরশু একই দিনে বিদায় নিয়েছেন সামান্থা স্টোসুর, লি না ও ক্যারোলিন ওজনিয়াকি। ইউএস ওপেন চ্যাম্পিয়ন পঞ্চম বাছাই স্টোসুর হেরেছেন বিশ্বের ৭২ নম্বর খেলোয়াড় ডাচ আরাঞ্চা রুসের কাছে ৬-২, ০-৬, ৬-৪ গেমে। সাবেক এক নম্বর ওজনিয়াকিকে হারিয়েছেন অবাছাই অস্ট্রিয়ার তামিরা পাশেক। গত সপ্তাহে ইস্টবোর্নে শিরোপা জেতা পাশেক তিন ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে ৫-৭, ৭-৬ (৭/৪), ৬-৪ গেমে জিতেছেন। চীনের লি না হেরেছেন আরেক অবাছাই রোমানিয়ার সোরানা কারস্টেয়ার কাছে সরাসরি সেটে। এএফপি।তবে তৃতীয় রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা ও কিম ক্লাইস্টার্স।