জোকোভিচ-নাদাল শেষ চারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সেটে ৬-০ হার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভার কোয়ার্টার ফাইনালে বিদায়টাকেই তখন মনে হচ্ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। কিন্তু কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ালেন রুশ তারকা! শেষ পর্যন্ত তাই শারাপোভা নন, হার নিয়ে কোর্ট ছাড়েন প্রতিপক্ষ ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। সার্বিয়ার সাবেক এক নম্বরকে ০-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শারাপোভা উঠে গেছেন সেমিফাইনালে। যেখানে তাঁর প্রতিপক্ষ তৃতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা। অন্য কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজারেঙ্কা হারিয়েছেন শারাপোভারই স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে, জিতেছেন অবশ্য ঘাম ঝরিয়েই, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে।পুরুষ এককে প্রত্যাশামতোই সেমিফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় নোভাক জোকোভিচ ও সাতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। শেষ চারে জিভে জল এনে দেওয়া লড়াইয়ে পরস্পরের প্রতিপক্ষ এই দুজন। কাল কোয়ার্টার ফাইনালে জার্মানির টমি হাসের রূপকথার পরিসমাপ্তি টেনে সার্বিয়ান জোকোভিচ জিতেছেন ৬-৩, ৭-৬ (৭/৫), ৭-৫ গেমে। স্প্যানিশ নাদাল ৬-২, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কাকে। পুরুষ এককের দুটি সেমিফাইনালই আগামীকাল। এএফপি, রয়টার্স।