
দুটি লক্ষ্য নিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করেছিলেন নোভাক জোকোভিচ। এক, প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার স্লাম পূর্ণ করা। দুই, প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ‘হানড্রেড মিলিয়ন’ ডলার প্রাইজমানির ক্লাবে ঢোকা। প্রথম লক্ষ্য পূরণের জন্য রোলাঁ গারোয় আরও তিনটি ম্যাচ জিততে হবে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে। তবে দ্বিতীয় লক্ষ্যটি গতকালই পূরণ করলেন সার্বিয়ান তারকা।
৯ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ৪০৪ মার্কিন ডলার প্রাইজমানি নিয়ে শুরু করেছিলেন ফ্রেঞ্চ ওপেন। কাল চতুর্থ রাউন্ডে স্পেনের রবার্তো বাতিস্তা আগতকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পথে নিশ্চিত হয়েছে কমপক্ষে ৩ লাখ ২৮ হাজার ৩০৩ মার্কিন ডলার প্রাইজমানি। তার মানে টেনিস ইতিহাসের প্রথম ‘হানড্রেড মিলিয়ন ডলার ম্যান’ এখন জোকোভিচ। কাল তিনি ৩-৬, ৬-৪, ৬-১, ৭-৫ গেমে হারিয়েছেন ১৪তম বাছাই বাতিস্তাকে। কোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিস।
এদিন সেমিফাইনালে উঠে গেছেন অ্যান্ডি মারে। ফ্রান্সের রিচার্ড গ্যাসকেটকে ৫-৭, ৭-৬ (৭-৩), ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই মারে। শেষ চারে তাঁর প্রতিপক্ষ তৃতীয় বাছাই স্তানিসলাস ভাভরিঙ্কা, স্পেনের রামোস ভিনোলাসকে তিনি হারিয়েছেন ৬-২, ৬-১, ৭-৬ (৯-৭) গেমে।
মহিলা বিভাগে কাল শেষ আট নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস, সেখানে তাঁর সঙ্গী কাজাখ-বিস্ময় ইউলিয়া পুতিনসেভা, সুইজারল্যান্ডের টিমেয়ে বাসিনিস্কি ও হল্যান্ডের কিকি বার্টেনস। আর সেমিফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই গারবিন মুগুরুজা ও অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর। এএফপি।