জোকোভিচকে নাদালের ফেবারিট-মুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই ম্যারাথন চ্যালেঞ্জের মুখোমুখি রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়নের প্রথম ম্যাচ যে পড়েছে জন ইসনারের বিপক্ষে! গত উইম্বলডনে নিকোলাস মাহুতের সঙ্গে টানা ১১ ঘণ্টা ৫ মিনিট লড়ে গ্র্যান্ড স্লামের দীর্ঘতম ম্যাচের রেকর্ড গড়েছিলেন যে ইসনার। দেখা যাক, নাদালের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়তে পারেন। হাজার হোক ‘রাফা’ তো ফিরে এসেছেন তাঁর আসল রাজ্যে। লাল মাটির কোর্টে।গত ছয় বছরে নাদাল পাঁচটি শিরোপা জিতেছেন এখানে। ফ্রেঞ্চ ওপেনে ৩৯ ম্যাচ খেলে মাত্র একটিতে হার। অবিশ্বাস্য রেকর্ড। তার পরও এবার নাকি তিনি ফেবারিট নন। নোভাক জোকোভিচের দুর্দান্ত জয়যাত্রার কারণে নাদালের রাজ্য হুমকির মুখে। সেটা যেন নেহাতই হুমকি নয়, গত দুটি মাটির কোর্টের টুর্নামেন্টের ফাইনালে (মাদ্রিদ ও রোম ওপেন) নাদালকে হারিয়ে জোকোভিচ সেটা প্রমাণও করেছেন।এই মৌসুমের শুরু থেকে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা জোকোভিচকে ফেবারিট মেনে নিচ্ছেন খোদ নাদালই, ‘আমার মতে, সে-ই সবচেয়ে ফেবারিট। এ বছরের শুরু থেকে ও একটা ম্যাচও হারেনি। অবিশ্বাস্য খেলছে। আমি জোকোভিচকে ভয় পাই না বটে। কিন্তু এ মৌসুমের শুরু থেকে ও যেভাবে খেলছে, সেটার প্রশংসা করতেই হবে। তার এই অর্জনের পুনরাবৃত্তি করা খুবই কঠিন। আমি তাই ওর এই অর্জনে মুগ্ধ।’ফেবারিট হওয়ার সুবিধা-অসুবিধা দুই-ই আছে। মাটির কোর্টে রজার ফেদেরারের বিপক্ষে নাদালের রেকর্ড ১১-২। রোলাঁ গাঁরোতে যে চার ম্যাচে মুখোমুখি হয়েছে দুজন, প্রতিটিই জিতেছেন নাদাল। অনেকেই বলেন, ফেদেরারের জন্য নাদাল একটা মানসিক বাধাও হয়ে গেছেন। মাটির কোর্টে মুখোমুখি হলেই ফেদেরারের মনের কোণে উঁকি দিতে শুরু করে সংশয়ের মেঘ। ফেবারিট হওয়ার সুবিধা যদি হয় প্রতিপক্ষের সমীহ আদায়, অসুবিধাও তো আছে। ফেবারিট হওয়া মানেই প্রত্যাশার চাপ। সেটি বাড়তি বোঝাও হয়ে কাঁধে চেপে বসতে পারে সিন্দাবাদের সেই বুড়োর মতো।মুদ্রার এই দুটি দিক দেখার পর এই প্রশ্নও ওঠে, জোকোভিচও কি নাদালের জন্য এখন মানসিক বাধা হয়ে উঠছেন না? নাদাল যতই বলুন, ‘আমি ওকে ভয় পাই না’, মুখোমুখি দেখা হয়ে গেলে মানসিকভাবে এই স্প্যানিয়ার্ড পিছিয়েই থাকবেন নির্ঘাত। অবশ্য নাদালের জন্য সুখবর হলো, ফাইনালের আগে জোকোভিচের মুখোমুখি হতে হবে না। ফেদেরারের জন্য একই সঙ্গে এটি দুঃসংবাদ এবং প্রতিশোধ নেওয়ার বাড়তি প্রেরণাও—জোকোভিচকে তিনি পেয়ে যাবেন সেমিফাইনালেই! এএফপি, রয়টার্স।