জোকোভিচকে বিদায় করে অঘটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কল্পনাকেও হার মানানো কোনো অর্জনের অনুভূতি সম্ভবত এমনই হয়। দেনিস ইস্তোমিনের ‘বুনো’ উদ্যাপনে চোখে পড়ল যেমনটা।
উজবেকিস্তানের এই টেনিস খেলোয়াড় র্যাঙ্কিংয়ে ১১৭তম, অস্ট্রেলিয়ান ওপেনে এসেছেনই ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে। এসে ঘটিয়েছেন একটি ‘ওয়াইল্ড’ কাণ্ড—বিদায় করে দিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে! অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে কাল র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা সার্বিয়ান তারকাকে হারিয়েছেন ৭-৬ (১০/৮), ৫-৭, ২-৬,৭-৬ (৭/৫), ৬-৪ গেমে।
আনন্দ তো ছবিতেই বোঝা যায়, ইস্তোমিনের নিজের কণ্ঠেই ছিল অবিশ্বাস, ‘আমি নিজেকেই অবাক করে দিয়েছি!’ এর আগেও পাঁচবার জোকোভিচের মুখোমুখি হয়ে প্রত্যেকবারই হেরেছেন। এবার ঘটালেন অঘটন!
তাতে ভেস্তে গেল জোকোভিচের রেকর্ড গড়ার স্বপ্ন। অস্ট্রেলিয়ার রয় এমারসনকে টপকে অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড সপ্তম শিরোপা জিততে এসেছিলেন, কিন্তু ফিরলেন ১০ বছর পর চতুর্থ রাউন্ডের আগে বিদায়ের দুঃখ নিয়ে। হারের পর ১২টি গ্র্যান্ড স্লামজয়ীর উপলব্ধি, ‘এটা এমন একটা দিন, যখন কোর্টে আপনি ভালো বোধ করবেন না। ছন্দ খুঁজে পাবেন না, আর প্রতিপক্ষও খুবই ভালো খেলবে।’ জোকোভিচের দুঃখটা বোঝেন ইস্তোমিনও, ‘নোভাকের জন্য দুঃখ হচ্ছে আমার। আজ আমি দারুণ খেলেছি। বিশ্বের দুই নম্বর খেলোয়াড়কে হারানো আমার জন্য বিশেষ কিছু।’ এএফপি।
৩০ বছর বয়সী ইস্তোমিনের পেছনে রয়েছে এক গল্প। ১৪ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় ক্যারিয়ারই শেষ হয়ে যাচ্ছিল। পরিবারের অনুপ্রেরণায় চিকিৎসকদের বিস্মিত করে খেলায় ফেরেন। পরিবারের অবদান আরও আছে, ইস্তোমিনের কোচও যে মা ক্লদিয়া ইস্তোমিনা! এ নিয়েও মজা করলেন টেনিসের নতুন চমক, ‘এ কারণে কোচের পেছনে বাড়তি কোনো খরচ নেই আমার!’
মা অবশ্য ছেলের মতো আবেগে ভেসে যাননি। কোচসুলভ গাম্ভীর্যে শুধু দুটি শব্দই বললেন ছেলেকে—‘গুড জব’।
শুধু ‘গুড জব’? আর যা-ই হোক, প্রশংসায় বড্ড ‘কিপটে’ ক্লদিয়া ইস্তোমিনা!