জোকোভিচের আবেগময় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদা মারা যাওয়ার দুঃসংবাদ পেয়েছেন আগের দিন। পরদিনই কোর্টে নেমে আবেগ ধরে রাখাটা ছিল কঠিন। কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করে নোভাক জোকোভিচ নিজের কাজটা সেরেছেন ঠিকঠাক। দাদার মৃত্যুশোককে শক্তিতে রূপ দিয়ে এই সার্বিয়ান হল্যান্ডের রবিন হাসকে হারিয়ে উঠে যান মন্টেকার্লো মাস্টার্সের সেমিফাইনালে। কাল প্রথম সেমিফাইনালে চেক তারকা টমাস বার্ডিচকে হারিয়ে বিশ্বের এক নম্বর তারকা উঠে গেছেন ফাইনালেও। কালই অন্য সেমিফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিলেন জিলেস সিমোন।দাদা ভ্লাদিমিরের মৃত্যুসংবাদটি জোকোভিচ পান গত বৃহস্পতিবার। একান্ত আপনজনকে হারানোর এই শোককে চাপা দিয়ে শুক্রবারই যখন জোকোভিচ হাসের মুখোমুখি হন, গ্যালারিভর্তি দর্শকও আবেগময় সমর্থন জানায় তাঁকে। দর্শকদের উৎসাহ-অনুপ্রেরণায় হাসকে মাত্র ৭৭ মিনিটেই উড়িয়ে দেন জোকোভিচ। জেতেন ৬-৪, ৬-২ গেমে। কাল সেমিফাইনালে বার্ডিচকে হারিয়েছেন ৪-৬, ৬-৩, ৬-২ গেমে। কোয়ার্টার ফাইনালে বার্ডিচ ৬-৭ (৪-৭), ৬-২, ৬-৩ গেমে হারিয়েছিলেন বিশ্বের চার নম্বর অ্যান্ডি মারেকে। এএফপি।