জোকোভিচের ঘাম ঝরানো জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মিনিট স্থায়ী হলো গেমটি। ৩০ পয়েন্ট খেলা হলো, ১৯৮টি স্ট্রোক। ১২ বার ডিউস হলো এর মধ্যে, পাঁচবার ব্রেক পয়েন্ট নিতে ব্যর্থ হলেন নোভাক জোকোভিচ। স্তানিসলাস ভাভরিঙ্কা যেন আরব্য রজনীর দৈত্য। তাঁর সঙ্গে পারছিলেনই না জোকোভিচ!

শেষ সেটের তৃতীয় গেম হারলেন তিনি। ভাভরিঙ্কা এগিয়ে গেলেন ২-১-এ। কী ভাবছিলেন জোকোভিচ তখন? ‘আমি ভাবছিলাম, হয়তো শুধু আমি নয় সবাই ভাবছিল, এই গেমটা যে জিতবে সেই ম্যাচটা জিতবে। সে (ভাভরিঙ্কা) ওটা জেতার পর আমি ভাবলাম, এবার আমার সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে হবে। সে আরেকটু ক্লান্ত হয়েছে। হয়তো এটাই ঘুরে দাঁড়ানোর সুযোগ।’

তা-ই করলেন জোকোভিচ। ইউএস ওপেনের সেমিফাইনাল দেখল মহাকাব্যিক এক প্রত্যাবর্তন। শেষ সেটের আট নম্বর ব্রেক পয়েন্টটা শেষ পর্যন্ত কাজে লাগালেন সার্বিয়ান তারকা। এগিয়ে গেলেন ৩-২-এ। অথচ এর আগে ১৮টি ব্রেক পয়েন্টের মাত্র তিনটি কাজে লাগাতে পেরেছিলেন। এভাবে ঘুরে দাঁড়ানোর পর অবশ্য ভাভরিঙ্কাকে হারাতে তাঁকে বাকি ম্যাচে আর খুব বেশি কষ্ট করতে হয়নি। ৪ ঘণ্টা ৯ মিনিটের অসাধারণ এক লড়াই শেষে জোকোভিচ ম্যাচ জিতলেন ২-৬, ৭-৬ (৭/৪), ৩-৬, ৬-৩, ৬-৪  গেমে। তবে হেরেও প্রশংসা কুড়িয়েছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল খেলা ভাভরিঙ্কা। 

ফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকার প্রতিদ্বন্দ্বী দুই নম্বর রাফায়েল নাদাল। তাঁকে অবশ্য জোকোভিচের মতো এত ঘাম ঝরাতে হয়নি। ফ্রান্সের রিচার্ড গ্যাসকেটকে খুব সহজেই হারিয়েছেন ৬-৪, ৭-৬ (৭/১), ৬-২ গেমে। ওয়েবসাইট।