জোকোভিচের জয় ও সেরেনার ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিট সাম্প্রাসের কীর্তিটা ছুঁয়েই ফেললেন নোভাক জোকোভিচ। এক নম্বর হিসেবে অভিষেকেই শিরোপা জিতলেন এই সার্বিয়ান। সর্বশেষ ১৯৯৩ সালে পিট সাম্প্রাস এক নম্বর হয়ে শিরোপা জিতেছিলেন। পরশু মন্ট্রিয়ল মাস্টার্সের ফাইনালে যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে জোকোভিচ করেছেন আরেকটি রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে পাঁচটি মাস্টার্স জেতা হয়ে গেল তাঁর।উইম্বলডন জয়ের পর কানাডার এই টুর্নামেন্টেই প্রথম খেললেন। ঘাসের কোর্ট থেকে সরাসরি হার্ডকোর্টে। সারফেস বদলালেও জোকোভিচ সেই আগের জোকোভিচই। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট জয়ের পথে একটি মাত্র সেটই হেরেছেন, সেটাও ফাইনালে। এ বছর তাঁর জয় পরাজয়ের অনুপাতটা অবিশ্বাস্য ৫৩: ১!দুটি গ্র্যান্ডস্লামসহ এ বছর শিরোপা জিতেছেন নয়টি। খেলছেন অন্য গ্রহের টেনিস, দেখাচ্ছেন অবিশ্বাস্য ধারাবাহিকতা। পায়ে লুটাচ্ছে একের পর এক রেকর্ড। তবে সাফল্যেও মাথা ঘোরেনি জোকোভিচের। হাসতে হাসতে বলেছেন তিনি সাধারণ রক্ত-মাংসে গড়া একজন মানুষ, ‘আমি মানুষ, এটা আপনাদের আমি নিশ্চিত করেই বলতে পারি। আমি এ বছর অবিশ্বাস্য টেনিস খেলছি।’বলেছেন রেকর্ড করা নিয়েও, ‘ইতিহাস গড়াটা অবশ্যই বিশেষ কিছু। আমি যে খেলাটা ভালোবাসি এবং খেলি, সেটির ইতিহাসের অংশ হতে পারাটা অবশ্যই সম্মানের ব্যাপার।’ওদিকে ইউএস ওপেনে নিজেকে অন্যতম ফেবারিট হিসেবে দাবিটা আরও জোরালো করেছেন সেরেনা উইলিয়ামস। পরশু জিতেছেন টরন্টোর রজার্স কাপ। হারিয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে সরাসরি ৬-৪, ৬-২ গেমে। এটা তাঁর টানা দ্বিতীয় শিরোপা। গত মাসে জিতেছিলেন স্ট্যানফোর্ডে।চোট ও অসুস্থতায় অনেক দিন বাইরে থাকার পর গত জুনে ফিরেছেন কোর্টে। উইম্বলডনের পর পতন র‌্যাঙ্কিংয়ে নেমে দাঁড়িয়েছিলেন ১৭৫-এ! সেখান থেকে টানা দুই শিরোপা জিতে চলে এসেছেন ৩১-এ। এএফপি, রয়টার্স।